প্রতিকূলতা পেরিয়ে সেরা মেয়েদের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিস কক্ষে বসে সুই-সুতা দিয়ে ছিঁড়ে যাওয়া জার্সি সেলাই করে দিচ্ছেন প্রধান শিক্ষিকা। সেলাই শেষ হচ্ছে আর তা তুলে দিচ্ছেন একেকজন মেয়ে শিক্ষার্থীর হাতে। রংচটা রিপু করা সেই জার্সি গায়ে বিদ্যালয়ের মাঠে ফুটবল নিয়ে নেমে পড়ে বালিকারা। চলে খেলা, অনুশীলন।

সম্প্রতি খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। নানা প্রতিকূলতা পেরিয়ে বিদ্যালয়টির মেয়েদের ফুটবল দল একের পর এক সাফল্য বয়ে আনছে।

বিদ্যালয়টির মেয়েদের দল ২০১৬ সালে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হয়। ২০১৫ সালেও জেলা চ্যাম্পিয়ন ছিল তারা। সেবার আঞ্চলিক পর্বে সেমিফাইনাল পর্যন্ত যায় দলটি। ২০১২ সালে তারা জেলায় রানার্সআপ হয়। চলতি ২০১৭ মৌসুমেও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যালয়টি। সামনে জেলা পর্যায়ের খেলা।

বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়টির বালিকা ফুটবল দলের খেলোয়াড়দের নানা প্রতিকূলতার মধ্যে অনুশীলন করতে হচ্ছে। তারা প্রায় সবাই তেঁতুলতলা গ্রামের বিভিন্ন পাড়ার দরিদ্র-ভূমিহীন পরিবারের সন্তান। প্রতিদিন তাদের পাঁচ থেকে ছয় কিলোমিটার পথ হেঁটে অনুশীলনে আসতে হয়। অনুশীলনের পর ভালো খাবারও জোটে না।

শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, এত সব সমস্যার পর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয়টির পরিত্যক্ত একটি ভবন। এ ভবনটি বিদ্যালয়ের মাঠটিকে দুটি ভাগে ভাগ করে ফেলেছে। এতে মাঠটিতে ভালোভাবে অনুশীলন করা যাচ্ছে না। যতটুকু মাঠ আছে তাও অসমান এবং সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। ফলে ভালোভাবে অনুশীলনের জন্য বিদ্যালয়টি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে যেতে হয় তাদের।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৯ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। এর ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০০৯ সালে নতুন ভবন তৈরির কাজ শুরু হয়। ২০১১ সালে পুরোনো ভবন ছেড়ে নতুন ভবনে পাঠদান শুরু হয়। কিন্তু পুরোনো ভবনটি রয়ে যায় মাঠের মাঝখানে। এরপর বিভিন্ন দপ্তরে ভবনটি অপসারণের জন্য জানানো হলেও আজ পর্যন্ত তা সরানো হয়নি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক লাকি মণ্ডল বলেন, ‘নানা প্রতিবন্ধকতার মধ্যেও আমরা মেয়েদের নিয়ে স্বপ্ন দেখি। এ মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ফুটবল খেলার উপযোগী একটা মাঠ। স্কুলের পুরোনো ভবনটি সরিয়ে মাঠে কিছুটা মাটি ভরাট করলে একটা সুন্দর মাঠ পাওয়া যেত।’

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সহকারী শিক্ষক দেবাশীষ মণ্ডল মেয়েদের নিয়ে অনুশীলন করছেন। এ সময় পঞ্চম শ্রেণির তানহা ইতি বলে, ‘দেবাশীষ স্যার আমাদের ফুটবল নিয়ে নানা ভিডিও দেখান, খবরের কাগজের সংবাদ পড়ান। মাঠটি ভালো থাকলে আমরা আরও অনুশীলন করতে পারতাম।’

বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি আশীষ মণ্ডল বলেন, ‘উপজেলার শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি জানিয়েছি। তবে আশ্বাস মিললেও অগ্রগতি চোখে পড়ছে না।’

জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে নতুন দায়িত্ব পেয়েছি। স্কুলটির সমস্যা ও সম্ভাবনার কথাও শুনেছি। কাগজপত্র দেখে প্রক্রিয়া অনুয়ায়ী যত দ্রুত সম্ভব পুরোনো ভবনটি অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।’