প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত প্রতিকূলতা ও অপপ্রচার মোকাবিলা করেই আওয়ামী লীগকে এগিয়ে যেতে হয়েছে। জনগণ কখনো বিভ্রান্ত হয়নি। তাঁরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের পাশে ছিল।
জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী ও সংসদনেতা এসব কথা বলেন। গতকাল ছিল আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগকে ধ্বংস করার বহু চেষ্টা হয়েছে। কেউ কখনো তা পারেনি, কখনো সফল হবে না। শত প্রতিকূলতার মধ্যেও দল টিকে আছে, দেশের সেবা করে যাচ্ছে। উজানে নাও ঠেলে ঠেলেই আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছি।’ তিনি বলেন, যারা বাংলাদেশকে নিয়ে ঠাট্টা করত, তারাই এখন বলছে, বাংলাদেশ উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। মাতৃমৃত্যু ও দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে। বিশ্বদরবারে বাংলাদেশ আজ দৃষ্টান্ত।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তিনি বলেন, ‘ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন দলকেও আমরা হারাতে পারি। একটু উৎসাহ আর সুযোগ দিলেই তারা যেকোনো লক্ষ্যে পৌঁছাতে পারে।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের নীতি ও আদর্শ হচ্ছে জনগণের কল্যাণ করা। এটাই বঙ্গবন্ধুর আদর্শ। জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি।’ তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে বাঙালি জাতির আর্থসামাজিক উন্নতি হওয়া এবং জনগণের কিছু প্রাপ্তি। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরে সমুদ্রসীমানা, স্থলসীমানা—সবকিছু বঙ্গবন্ধুই ঠিক করে গেছেন। তিনি কেবল তা বাস্তবায়ন করে যেতে পারেননি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগকে ধ্বংস করার বহু চেষ্টা হয়েছে। ’৭৫ থেকে ’৯৬ সাল পর্যন্ত মানুষ ধুঁকে ধুঁকে মরেছে। সার চাইতে গেলে মানুষ গুলি খেয়েছে। শোষণ আর বঞ্চনা ছিল মানুষের নিত্যসঙ্গী।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যারা একসময় বলত, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, আজ তারাই বলছে, বাংলাদেশ আজ মিরাকল। তিনি বলেন, বাংলাদেশের রিজার্ভ আজ ২৪ বিলিয়ন ডলার, রপ্তানি ৩১ বিলিয়ন ডলার। প্রধানমন্ত্রী দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়। আমরা পাকিস্তানের থেকে এগিয়ে আছি। অনেক ক্ষেত্রে ভারত থেকেও এগিয়ে।