প্রতিকূলতার পরও দেশের পর্যটন এগিয়ে চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যটনকে অনেক সময়ে পিছিয়ে দিলেও পর্যটন এখন উন্নয়নের পথে। প্রতিকূলতার মধ্য দিয়েও এ শিল্প এগিয়ে চলেছে। ট্যুরিজম ফেস্ট-২০১৭-এর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আজ বুধবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘মিনিস্টার ফ্রিজ ট্যুরিজম ফেস্ট-২০১৭’-এর আয়োজন করে।

এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, ২০১৬ সালকে ভিজিট বাংলাদেশ ঘোষণা করার সময়ে দেশে জঙ্গি আক্রমণ শুরু হয়। বাংলাদেশ ভ্রমণে কিছু দেশ সতর্কতাও জারি করে। তবে এরপরও প্রমাণিত হয়েছে যে এ দেশ অতিথিপরায়ণ দেশ, নিরাপদ দেশ।

দেশীয় পর্যটক বেড়েছে উল্লেখ করে মেনন বলেন, ‘দুই দিনের ছুটি পেলেই মানুষ বেরিয়ে পরে আনন্দ উপভোগ করার জন্য। পর্যটন কথাটি বলতে হয় না। মানুষের স্বভাবের মধ্যে গেঁথে গেছে।’ এ ছাড়া বলেন, পর্যটনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি বিনিয়োগ যদি সঠিকভাবে হয়, তাহলে পোশাকশিল্পের চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। আয়োজনে বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিনও সরকারি-বেসরকারি উদ্যোগের কথা বলেন।

আয়োজনে আরও বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান, এটিজেএফবির প্রেসিডেন্ট নাদিরা কিরণ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি তৌফিক উদ্দিন, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি মঞ্জুর মোর্শেদ, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান এম এন রাজ্জাক খান প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও পর্যটন-সংশ্লিষ্ট সংগঠন স্টল নিয়ে বসে। বাউলগান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। শেষ দিকে গান পরিবেশন করে ‘জলের গান’।