লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জোয়ারভাটাসহ বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও দক্ষিণাঞ্চলের নয়টি জেলায় ধানের চাষ ক্রমশ বাড়ছে। এসব জেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাতসহ বিভিন্ন লাগসই প্রযুক্তি ব্যবহার করে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে।গতকাল সোমবার গাজীপুরে ব্রি মিলনায়তনে উপকূলীয় এলাকায় ধানের উৎপাদন বৃদ্ধির সমস্যা ও সম্ভাব্য প্রতিকারের কৌশল নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য উল্লেখ করা হয়।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক এ কে জি মো. এনামুল হক, ডিএইর পরিচালক মো. ইউনুছ আলী, ব্রির পরিচালক মো. খায়রুল বাশার, সাইদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।মূল প্রবন্ধে বলা হয়, ২০১০ সাল থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন মৌসুমে দক্ষিণাঞ্চলের নয়টি জেলায় মোট ৫৮টি উপজেলায় ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাতসহ লাগসই প্রযুক্তি সম্প্রসারণ করা হয়েছে। ব্রির উন্নতজাতের ধান বীজ ব্যবহার করে ওই এলাকায় গত এক বছরে দুই হাজার ১০৩টি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রদর্শনীর মাধ্যমে এক হাজার ৩৪৪ টন বীজ উৎপাদন করা হয়। এর মধ্যে ৩৫ হাজার ৮৫৪ জন কৃষক লাগস প্রযুক্তি গ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি।