প্রতিকৃতি বিকৃতিকারীদের শাস্তি দাবি
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের আগেই তাঁর প্রতিকৃতি বিকৃতকারীদের শাস্তির দাবি জানিয়েছে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে প্রতিকৃতি বিকৃতকারীকে ঝাড়ুপেটা করে চট্টগ্রাম ছাড়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করার হুমকি দিয়েছে সংগঠনটি। অন্যদিকে, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনে শামিল হতে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে।
দুটি সংগঠনের নেতরা গতকাল শনিবার পৃথক সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতির ঘটনায় সাংসদ এম এ লতিফের শাস্তি দাবি করেন।
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল সকালে সংবাদ সম্মেলনে নগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, ‘সাংসদ লতিফ বঙ্গবন্ধুর ছবি বিকৃতভাবে উপস্থাপন করে জাতিকে ক্ষুব্ধ করেছেন। তিনি একাত্তরে মা-বোনদের ইজ্জত লুণ্ঠনকারী পরাজিত শক্তির দোসর। যেকোনোভাবে হোক তিনি আওয়ামী লীগের টিকিটে সাংসদ হয়েছেন। মনে করেছিলাম তিনি অনেকের মতো শুদ্ধ হবেন, কিন্তু হননি।’
গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের সময় সাংসদ এম এ লতিফের উদ্যোগে আগ্রাবাদ ও বিমানবন্দর সড়কে অসংখ্য ফেস্টুন লাগানো হয়। এসব ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগ ওঠে। পরে সাংসদ এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন, ছবি বিকৃত করা হয়েছে।