প্রতিক্রিয়ার পর তলব পাকিস্তানের হাইকমিশনারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তান সরকারের প্রতিক্রিয়ার প্রতিবাদে তলব করা হয়েছে তাঁকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সুজা আলমকে কাল (আজ) সোমবার দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. মিজানুর রহমানের সঙ্গে দেখা করতে বলেছে। সরকারের পক্ষ থেকে হাইকমিশনারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দেওয়া হবে।
সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করার পর গতকাল এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ওই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মুজাহিদের দুর্ভাগ্যজনক মৃত্যুদণ্ডের ঘটনা লক্ষ করেছি।
এ ঘটনায় আমরা গভীরভাবে অসন্তুষ্ট।’ এতে আরও বলা হয়, ‘বাংলাদেশে ১৯৭১-এর ঘটনাবলি (মহান মুক্তিযুদ্ধ) নিয়ে ত্রুটিপূর্ণ বিচার প্রসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে প্রতিক্রিয়া আমরা লক্ষ করছি, তা আগের মতো আবার গুরুত্ব দিচ্ছি।’
এ ছাড়া পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান গতকাল বলেছেন, ১৯৭১ সালে কেউ পাকিস্তানের পক্ষে কাজ করলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া বন্ধ করার এখনই উপযুক্ত সময়। এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন বলে জানায় পাকিস্তানের জিয়ো টেলিভিশন।
আর মুজাহিদের মৃত্যুদণ্ডে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান জামায়াত-ই-ইসলামির সিরাজুল হক বলেছেন, পাকিস্তানের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করার কারণেই মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে।