প্রতিক্রিয়ায় সংযম প্রত্যাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ইতিহাসে সম্ভবত ষোড়শ সংশোধনী মামলার রায়ই প্রথম এমন একটি আইনগত সিদ্ধান্ত, যাতে সরকারের জন্য আশু কোনো করণীয় নেই, কিন্তু তার প্রভাবটা খুবই গভীর এবং সুদূরপ্রসারী। ৪৭ বছরের ইতিহাসে আর কখনোই সরকার, সংসদ, ক্ষমতাসীন দল এবং সর্বোচ্চ আদালতের মধ্যে এ রকম প্রকাশ্য দ্বন্দ্ব দেখা যায়নি। সুতরাং যখন ক্ষমতাসীন দলের প্রতিক্রিয়ায় আমরা শুনতে পাই যে তারা আহত, ক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্ত, তখন বিস্মিত না হয়ে শঙ্কিত বোধ করাই স্বাভাবিক। শঙ্কাটা রাজনৈতিক। সুপ্রিম কোর্ট, সংসদ ও নির্বাহী বিভাগের এ রকম টানাপোড়েন না জানি কোন দিকে মোড় নেয়, তা নিয়েই সবার উদ্বেগ।

তবে রায় ঘোষণার প্রায় নয় দিন পর বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক সরকারের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কিছুটা সংযম দেখিয়েছেন। তিনি বলেছেন, আপিল বিভাগ যে যুক্তিতে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করেছেন, সেই যুক্তি তাঁদের কাছে গ্রহণযোগ্য নয়। তবে রায়ের সঙ্গে দ্বিমত থাকলেও রায়ের প্রতি তাঁরা শ্রদ্ধাশীল। তিনি যখন বলেন যে ষোড়শ সংশোধনী নিয়ে সংসদ বিচার বিভাগের সঙ্গে কোনো ‘পাওয়ার কনটেস্টে’ অবতীর্ণ হয়নি, তখন তা আমাদের কিছুটা হলেও স্বস্তি জোগায়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরুও বুধবার সংবাদ
সম্মেলন করে বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় নিয়ে কোনো বিতর্ক চলে না, রাজনীতিও চলে না। তিনি বলেন, রায় নিয়ে দলীয়ভাবে এখনো পর্যালোচনা ও পর্যবেক্ষণ চলছে। দলীয়ভাবে পরে সিদ্ধান্ত নেওয়া হবে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হবে কি না। তিনি আরও বলেছেন যে বিএনপির কয়েকজন নেতা উসকানিমূলক কথা বলছেন, এটা নিয়ে রাজনীতি করার অপপ্রয়াস চালাচ্ছেন। কারণ, তাঁদের হাতে আর কোনো খেলা নেই। তিনি বলেন, আওয়ামী লীগ রায় নিয়ে রাজনীতি করতে চায় না। আবদুল মতিন খসরু আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট আমাদের প্রতিপক্ষ নয়, কিন্তু বিএনপি প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। আদালত রাজনীতির ঊর্ধ্বে, শেষ আশ্রয়স্থল। তাই রায় নিয়ে রাজনীতি করা উচিত নয়।’ আওয়ামী লীগের অন্যান্য নেতাও যদি তাঁর মতো বুঝদার হতেন এবং আরেকটু সমঝে কথা বলতেন, তাহলে আমরা সবাই আরও আশ্বস্ত বোধ করতাম।

অস্বীকার করার উপায় নেই যে ষোড়শ সংশোধনীর ৭৯৯ পৃষ্ঠার রায়ে প্রধান বিচারপতি এবং অন্য পাঁচজন বিচারপতি তাঁদের আলাদা পর্যবেক্ষণে অনেক স্পর্শকাতর এবং বিতর্কিত বিষয়ে খুব ধারালো ও জোরালো মত দিয়েছেন। দেশের রাজনৈতিক বিভাজন সাড়ে চার দশক ধরে যেভাবে তীক্ষ্ণ ও তীব্র হয়েছে, তার পটভূমিতে এটি খুবই স্বাভাবিক যে আদালতের অভিমত কারও কারও পছন্দ হবে, আর অন্যদের কাছে তা হবে অগ্রহণযোগ্য। এ রকম পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় আদালতের জন্য। রাজনীতির অঙ্গনে বিতর্কের কেন্দ্রে থাকায় আদালতকে না আবার কোনো দলের সঙ্গে মিলিয়ে ফেলা হয়।আশার কথা, বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি-সমর্থক নেতাদের উপর্যুপরি আবেদন-নিবেদনেও আপিল আদালত, বিশেষত প্রধান বিচারপতি সাড়া দেননি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘সরকার বা বিরোধী দল—কারও ট্র্যাপে আমরা পড়ব না।’ ষোড়শ সংশোধনীর রায় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত আইন কমিশনের বক্তব্য তুলে ধরে বিএনপি-সমর্থক আইনজীবীদের পক্ষ থেকে আদালত অবমাননার অভিযোগ আনার প্রেক্ষাপটে প্রধান বিচারপতি এ কথা বলেন। তিনি বলেন, ‘রায় ঘোষণার পর রায়ের গঠনমূলক সমালোচনা যে কেউ করতে পারেন। গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই।’ তবে তিনি একই সঙ্গে এ কথাও বলেছেন, ‘এই বিচার বিভাগকে রক্ষা করতে হলে কোনো রাজনীতি আনবেন না। আমরা রায় দিয়ে দিয়েছি। বিচার বিভাগ কোনো রিজয়েন্ডারও দেবে না।’ উসকানিতে প্রভাবিত না হওয়ার বিচারিক নীতিতে অনড় থাকায় আদালতকে ধন্যবাদ।

যত দূর আলামত দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে, ষোড়শ সংশোধনী নিয়ে আরও কিছুদিন জোর রাজনীতি চলবে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ইতিমধ্যেই সেই ধারা শুরু করেছেন। যেসব স্পর্শকাতর বিষয়ের সঙ্গে আবেগ জড়িত আছে, সেই আবেগ কাজে লাগিয়ে রাজনীতির মাঠ গরম রাখতে চাওয়ার কৌশলটি ক্ষমতাসীন দলের জন্য সম্ভবত একমাত্র পথ, যেখানে তারা কিছুটা হলেও সমগোত্রীয়দের সমর্থনকে সংহত করতে পারবে। ওই রাজনৈতিক কৌশলের রাশ টেনে রাখাও জরুরি। সুতরাং সরকার এবং ক্ষমতাসীন দলের সবাই যদি আইনমন্ত্রীর ‘আদালতের সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই’ কথাটি মনে রেখে আদালতের সমালোচনায় সংযম বজায় রাখেন, তাহলেই মঙ্গল। কেননা, আদালত রাষ্ট্রেরই অবিচ্ছেদ্য অংশ এবং তাঁকে খাটো করা কোনো বিকল্প হতে পারে না। তেমনটি ঘটলে তা শুধু তাঁদের দলের জন্য নয়, রাষ্ট্রের জন্যই হবে দুর্ভাগ্যজনক।

আপিল বিভাগের যে সাতজন বিচারপতি এই রায় দিয়েছেন, তাঁরা সবাই আওয়ামী লীগের প্রথম মেয়াদে হাইকোর্টে বিচারক হিসেবে নিয়োগ পান। আওয়ামী লীগ আমলেই তাঁরা পর্যায়ক্রমে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। এই কয়েক বছরে তাঁরা অসংখ্য মামলার রায় দিয়েছেন। তাঁরা যুদ্ধাপরাধীদের মামলার আপিলের বিচারকার্যে অংশ নিয়েছেন। এখন তাঁদের ‘অপরিপক্ব’ আখ্যা দেওয়া কিংবা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের অংশীদার বানানোর চেষ্টা মোটেও গ্রহণযোগ্য এবং শোভন নয়।

গত ৪৭ বছরে আমরা বহুবার সংকটের মধ্যে পড়েছি। কিন্তু প্রতিবারই রাজনৈতিক সমঝোতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় তা মোকাবিলা করা সম্ভব হয়েছে। এবারও আমাদের উচিত হবে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে আদালতের পর্যবেক্ষণকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সমস্যার গভীরে মনোনিবেশ করা। বাস্তবতার আলোকে নির্বাচনব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ এবং মৌলিক রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে আলোচনা শুরু এবং মতৈক্য প্রতিষ্ঠার চেষ্টাতেই বরং এগোনোর পথ কিছুটা মসৃণ করে তোলা সম্ভব।