প্রতিক্ষের হামলার ভয়ে পুরুষেরা বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের হামলার আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিন গ্রামের বিশ্বাস পরিবারের লোকজন। ভয়ে দুই শতাধিক পুরুষ বাড়িছাড়া।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে ৮ সেপ্টেম্বর সংঘর্ষ হয়। এ সময় ২৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। তা ছাড়া বাড়িঘর ও দোকানপাটের মালামাল লুট করা হয়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে সুজন বিশ্বাস, মুন্না মোল্লাসহ সাতজন আহত হন। গুরুতর আহত সুজন ও মুন্নাকে ঢাকায় পাঠানো হয়েছে। মিঠু বিশ্বাস নামের এক ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রোববার বিকেলে সরেজমিনে দেখা গেছে, মিন গ্রামের বিশ্বাস পরিবারের পুরুষেরা কেউ গ্রামে নেই। গৃহবধূরা বলেন, প্রতিপক্ষের লোকজন হামলা করতে পারে, এমন ভয়ে তাঁরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। নারীরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তা ছাড়া পুলিশও তাঁদের বাড়ি বাড়ি এসে পুরুষদের খোঁজ করছে। এ কারণে তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। গ্রামের এক প্রান্তে পাওয়া যায় মুক্তিযোদ্ধা লিয়াকত হুসাইনকে। তিনি বলেন, তাঁদের গ্রামের লোকজন দুটি দলে বিভক্ত। একটি পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য চেরাগ আলী বিশ্বাস এবং অপরটির ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শেখ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮ সেপ্টেম্বর বিকেলে আবুল কালামের লোকজন চেরাগ আলী বিশ্বাসদের বাড়িঘরে হামলা করেন। এ সময় টুটুল বিশ্বাস, মনজের আলী বিশ্বাসসহ ১৮ জনের বাড়িঘর ভাঙচুর করা হয়। তা ছাড়া চেরাগ আলীর সমর্থকদের হামলায় মহন খন্দকার, মান্না খন্দকারসহ চারজনের ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার পর থেকে বিশ্বাস পরিবারের পুরুষেরা বাড়ি ছেড়ে পালিয়েছেন। এই গ্রামে বিশ্বাসদের কমপক্ষে ১২০টি পরিবার রয়েছে।

জানতে চাইল আবুল কালাম বলেন, গ্রামের স্কুলের কমিটি নিয়ে বিরোধ দেখা দেয়। এর জেরে প্রথমে চেরাগ আলীর লোকজনই তাঁদের বাড়িঘরে হামলা চালান। পরে বিশ্বাসপাড়ার লোকজনই বিশ্বাসদের কিছু বাড়িতে ভাঙচুর করেছেন বলে তিনি শুনেছেন।

তবে চেরাগ আলী বলেন, প্রতিপক্ষ আবুল কালাম নিজের দল ভারী করতে বিএনপির কর্মীদের সঙ্গে নিয়ে জোট বেঁধেছেন। এখন তাঁদের নিয়ে প্রকৃত আওয়ামী লীগের কর্মীদের ওপর আক্রমণ করছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দুই পক্ষ থেকেই থানায় মামলা হয়েছে। আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের তৎপরতায় গ্রামটি বর্তমানে শান্ত রয়েছে।