প্রতিজ্ঞার কারণেই মির্জাপুর ক্যাডেটের এ ফলাফল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ চমৎকার ফলাফল করেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ঢাকা বোর্ডে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন। বাকি সবাই এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। পাসের হার শতভাগ। ক্যাডেট কলেজ সূত্রমতে, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগে ৩৯ জন ও মানবিক বিভাগে চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৭ জন এবং মানবিক বিভাগ থেকে একজন জিপিএ-৫ পেয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ এবং ২০০৮ সালে ৪৫ জনের মধ্যে ৪১ জন জিপিএ-৫ পেয়েছিলেন। পাসের হার ছিল শতভাগ। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া ক্যাডেট নাহিয়ান রহমান ও খালিদ হক বলেন, ‘গত বছর এসএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজ ফলাফলের অবস্থান খারাপ থাকায় আমরা সবাই এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে ক্যাডেট কলেজের সুনাম বাড়ানোর প্রতিজ্ঞা করেছিলাম। আর সে প্রতিজ্ঞার কারণেই আমাদের এ সাফল্য সম্ভব হয়েছে।’ ক্যাডেট কলেজের এক অভিভাবক চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের অর্থোপেডিক সার্জন ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহমান। তাঁর বড় ছেলে নাহিদ রহমান ২০০৩ সালে এইচএসসি পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর এই ক্যাডেট কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর তাঁর ছোট ছেলে নাহিয়ানও জিপিএ-৫ পেয়েছেন। এ ফলাফলের জন্য তিনি শিক্ষক ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।