প্রতিটি অটোরিকশা পরীক্ষার পক্ষে ডুয়েট

পনেরো বছরের পুরোনো সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ আর বাড়ানো যাবে কি না, সে ব্যাপারে মতামত দিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বুয়েটের কাছে মতামত চেয়েছে।
তবে অটোরিকশার বিষয়ে মতামত দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক উঠেছে। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি অটোরিকশা পরীক্ষা করে সব কটির ব্যাপারে মতামত দেওয়া যথার্থ হবে না। প্রতিটিই পরীক্ষা করতে হবে। কারণ, একেকটি অটোরিকশা একেকভাবে ব্যবহৃত হয়েছে। কোনোটি দুর্ঘটনার কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।
২০১৩ সালে একবার মাত্র ১৯টি অটোরিকশা পরীক্ষা করে প্রায় ২৫ হাজার অটোরিকশার মেয়াদ ছয় শর্তে চার বছর বাড়ানোর সুপারিশ করেছিল বুয়েট। এবারও বুয়েটের কাছে এমনটি আশা করছে মালিক সমিতি। এই পরীক্ষার খরচ দেয় মালিক সমিতি।
তবে এভাবে নমুনা পরীক্ষার পক্ষে নন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক হাসান মো. মোস্তোফা আফরোজ। তিনি বলেন, অটোরিকশাগুলোর প্রতিটি একইভাবে ব্যবহৃত হয়নি এবং একইভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। কোনোটি আবার দুর্ঘটনার শিকার হয়েছে, যার জন্য প্রতিটি গাড়ির কার্যক্ষমতা একই রকম নয়। তাই দৈবচয়ন পদ্ধতিতে নমুনা সংগ্রহ করে ১৩ হাজার অটোরিকশার ওপর মন্তব্য করা ঠিক হবে না। মন্তব্য করতে হলে প্রতিটিই আলাদাভাবে পরীক্ষা করতে হবে।
ইঞ্জিন পরিবর্তন করে অটোরিকশার মেয়াদ বাড়ানো সম্পর্কে অধ্যাপক হাসান বলেন, অটোরিকশার প্রাণ হচ্ছে ইঞ্জিন। কিন্তু এর সঙ্গে জড়িত আছে বডি কন্ডিশন, ব্রেক, সাসপেনশন, চেসিজসহ নানা কিছু। তাই পুরোনো এসব জিনিসের সঙ্গে নতুন ইঞ্জিন লাগালে তা ঝুঁকিপূর্ণ হবে। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এত বছরের পুরোনো অটোরিকশা ঢাকা শহরে চলতে দেওয়ার কারণ নেই।’
নতুন ও পুরোনো ইঞ্জিনের ক্ষমতায় পার্থক্য হলে কোনো সমস্যা হবে কি না, এ প্রশ্নে ডুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান বলেন, ২০০২ মডেলের ইঞ্জিন যদি না পাওয়া যায় এবং নতুন ইঞ্জিনের ক্ষমতা যদি আগের ইঞ্জিনের চেয়ে বেশি হয়, তবে ঝুঁকি আরও বাড়বে।
অটোরিকশা চালক সমিতি ও আমদানিকারক প্রতিষ্ঠানও বলছে, পুরোনো অটোরিকশার ইঞ্জিন এখন আর পাওয়া যায় না। তাই পুরোনো বডিতে নতুন ইঞ্জিন প্রতিস্থাপনের সুযোগ নেই।
ঢাকা ও চট্টগ্রাম শহরে চলাচল করা প্রায় ১৩ হাজার অটোরিকশার আয়ুষ্কাল আগামী মাসে শেষ হচ্ছে। এমন অবস্থায় অটোরিকশাগুলোর ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার পরিবর্তন করে আয়ুষ্কাল আরও ছয় বছর বাড়ানোর বায়না ধরেছে মালিক সমিতি। এ জন্য সমিতি মালিকদের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা চাঁদাও তোলে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিআরটিএ মালিকদের বায়না পূরণের পথেই হাঁটছে।
অটোরিকশার মালিকদের সংগঠন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ নভেম্বর এ ব্যাপারে মতামত দিতে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধানের কাছে চিঠি পাঠিয়েছিল বিআরটিএ। ওই চিঠিতে বলা হয়েছে, ‘অটোরিকশার ইকোনমিক লাইফ ১৫ বছরের অতিরিক্ত কত বছর বৃদ্ধি করা যায়, সে বিষয়ে মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, আয়ুষ্কাল বাড়ানো যাবে কি না, কত দিন বাড়বে, কী শর্ত থাকবে—এসব বিষয় নির্ধারণ করতে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। এর সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ করছে।
পাঁচ সদস্যের এই কমিটির প্রধান হচ্ছেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসান। জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে একটি কারিগরি মতামত বিআরটিএর কাছে দেওয়া হবে। মতামতে অটোরিকশার আয়ুষ্কাল বাড়ালে বা না বাড়ালে এর ইতিবাচক ও নেতিবাচক দিকসহ বুয়েটের মন্তব্যও থাকবে। পরে বিআরটিএ ও মন্ত্রণালয় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কারিগরি মতামত দেওয়ার ক্ষেত্রে অটোরিকশা পরীক্ষা করা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, প্রয়োজনে পরীক্ষা করা হবে। তবে কীভাবে নমুনা সংগ্রহ করা হবে, কয়টি পরীক্ষা করা হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২০০২ মডেলের অটোরিকশাগুলো আমদানিকারক প্রতিষ্ঠান উত্তরা মোটরস। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০০২ মডেলের ইঞ্জিন ১৭৩ দশমিক ৫২ সিসির। উত্তরা মোটরসের বিক্রয় বিভাগের উপপ্রধান নূরউদ্দিন জাহাঙ্গীর জানিয়েছেন, ২০০২ মডেলের অটোরিকশায় যে ইঞ্জিন বসানো আছে, সেই ইঞ্জিনের উৎপাদন আরও তিন-চার বছর আগে বন্ধ হয়ে গেছে। এখন যে ইঞ্জিন উৎপাদন করা হচ্ছে, তা ১৯৮ দশমিক ৮৮ সিসির। তিনি বলেন, ইঞ্জিনের পাশাপাশি অটোরিকশার বাইরের নকশাতেও পরিবর্তন এসেছে। ১৯৮ দশমিক ৮৮ সিসির ইঞ্জিন পুরোনো অটোরিকশার বডিতে বসানো যাবে না বলে তিনি মত দেন।