প্রতিটি আসনে লড়বেন ৩৪ জন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৩৪ জন পরীক্ষার্থী লড়বেন। আগামী ৯ থেকে ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়টির ৪ হাজার ৭২২টি আসনের বিপরীতে ১ লাখ ৬০ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের প্রশাসক খাদেমুল ইসলাম মোল্যা এসব তথ্য জানিয়েছেন।
খাদেমুল ইসলাম মোল্যা জানান, ভর্তি পরীক্ষায় আটটি ইউনিটের মধ্যে এ-ইউনিটে ১৯ হাজার ৫১৯, বি-ইউনিটে ১৬ হাজার ৪১১, সি-ইউনিটে ২৩ হাজার ৩২৬, ডি-ইউনিটে ২০ হাজার ৫১৭, ই-ইউনিটে ২৫ হাজার ৫৬৩, এফ-ইউনিটে ১৮ হাজার ২০৬, জি-ইউনিটে ১১ হাজার ৭৮৭, এইচ-ইউনিটে ২৩ হাজার ৬৬০ এবং আই-ইউনিটে ২ হাজার ৯০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।
১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনপ্রক্রিয়া চলে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd.com) পাওয়া যাবে।