প্রতিটি ইউনিয়নে প্রথম শ্রেণীর কৃষি কর্মকর্তা নিয়োগের সুপারিশ
দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে প্রথম শ্রেণীর কৃষি কর্মকর্তা এবং ওয়ার্ডপ্রতি একজন উপ-সহকারী কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। কৃষির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দ্রুততম সময়ে এসব পদ সৃষ্টি ও নিয়োগ দেওয়ার জন্যও সুপারিশ করেছে কমিটি।কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খন্দকার আবদুল বাতেন, শাহ জিকরুল আহমেদ, কে এম খালিদ ও আহমেদ নাজমীন সুলতানা। কৃষি মন্ত্রণালয়ের আগামী অর্থবছরের (২০১০-১১) প্রাক-বাজেট ও অর্থমন্ত্রীর সঙ্গে কমিটির সভাপতির বাজেট আলোচনার জন্য প্রস্তাবনা তৈরির বিষয়েও আলোচনা হয়।সভায় কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ দেওয়া, অবকাঠামো নির্মাণ এবং প্রাকৃতিক দুর্যোগকালের জন্য বাফার ফান্ড তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিতে অর্থমন্ত্রীর কাছে সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষকদের ভবিষ্যতে আরও কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে একটি প্রস্তাবনা তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়। কমিটির আগামী সভায় বিস্তারিত আলোচনা শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান প্রথম আলোকে বলেন, ১৫ কোটি মানুষের দেশে বর্তমানে যে কজন কৃষি কর্মকর্তা আছেন, তাঁদের দিয়ে কাজ চালানো সম্ভব নয়। কারণ, মাঠপর্যায়ে কৃষিকাজে সহায়তা দিতে হবে। এ জন্য তৃণমূল পর্যন্ত কৃষি কর্মকর্তা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে কমিটি আশা করে।