চট্টগ্রাম নগর বিএনপিকে ঢেলে সাজানোর অংশ হিসেবে ৩৯ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করবেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।
অবশ্য বর্তমান পরিস্থিতিতে সদস্য সংগ্রহ অভিযান কতটা সফল হবে এ নিয়ে সন্দিহান দলের অনেক নেতা। এর কারণ হিসেবে তাঁরা বলছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে দলের শত শত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলার কারণে অনেকে আত্মগোপনে রয়েছেন। আবার অনেকে রাজনীতিতে আগের মতো সক্রিয় নন।
গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। মেয়াদ পূর্ণ না হওয়ায় নগরের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ও ১০ নম্বর কাট্টলী ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। ৩৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করে সেখানে আহ্বায়ক কমিটির ঘোষণা দেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।
দলের একাধিক জ্যেষ্ঠ নেতা বলেন, এবার ওয়ার্ড কমিটিতে তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হবে বলে নগর বিএনপির নেতারা জানিয়েছেন। তাঁরা বলছেন, যাঁরা একসময় ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবার তাঁদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে প্রবীণ ব্যক্তিরা বাদ যাবেন না।
এ বিষয়ে শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘নগর বিএনপিকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। কাল (আজ সোমবার) নাসিমন ভবন চত্বরে ৩৯টি আহ্বায়ক কমিটির কাছে সদস্যপদ পূরণের ফরম দেওয়া হবে। প্রাথমিক অবস্থায় আমরা প্রতিটি ওয়ার্ডে ৫০০ করে ফরম দিচ্ছি। পরে আরও ৫০০ করে দেওয়া হবে।’ তিনি বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতা-কর্মীরা কেবল দলীয় ফরম পূরণ করতে পারবেন। অন্য দল থেকে কেউ এলে সেই সুযোগ পাবেন না। ছাত্রদল ও যুবদলের সদস্যপদ সংগ্রহের ফরম আরও কয়েক দিন পর বিতরণ করা হবে।
এদিকে সদস্য সংগ্রহ অভিযানের সাফল্য নিয়ে সন্দিহান চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর। তিনি প্রথম আলোকে বলেন, ‘নগর বিএনপির উদ্যোগ অত্যন্ত ভালো। তবে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি সদস্য সংগ্রহের ঘোষণা দিয়েছিল। দু-এক দিন সদস্য সংগ্রহ হতে দেখেছি। পরে আবার সেটা চাপা পড়ে গেছে।’
তবে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যাঁরা বিএনপিকে ভালোবাসবেন তাঁরা সদস্যপদ পূরণ করবেন। আমরা কারও ওপর জবরদস্তি করব না।’
জামালখান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মনজুরুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দলের শত শত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাই আমরা দীর্ঘদিন ধরে রাজপথে নামতে পারছি না। সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে গত শুক্রবার এলাকায় সভা করেছি। অনেকে আবার যোগাযোগ শুরু করেছেন।’
দলীয় সূত্র জানায়, সদস্যপদ ফরমে নাম, ঠিকানা, ওয়ার্ডের নাম, ভোটকেন্দ্র, থানা, জেলা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, রক্তের গ্রুপ উল্লেখ করতে হবে। আর সদস্যপদ সংগ্রহ করতে হবে জাতীয় পরিচয় দেখিয়ে।
দলীয় সূত্র জানায়, ৩১ অক্টোবর পর্যন্ত ৩৯টি ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযান চলবে। এরপর আগামী মাসের প্রথম ১৫ দিনের মধ্যে সভাপতি, সম্পাদকসহ ১১টি সাংগঠনিক পদে ভোটের জন্য প্রার্থিতা ঘোষণার সুযোগ দেওয়া হবে। পরের ১৫ দিন প্রচারণা চালাবেন প্রার্থীরা। ডিসেম্বরে পালাক্রমে ৩৯ ওয়ার্ডে সম্মেলন ও নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেওয়া হবে।
এ বিষয়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিটি ওয়ার্ডে এক হাজার সদস্য সংগ্রহের টার্গেট করেছি। লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছি। দলের কঠিন সময়ে যোগাযোগের জন্য প্রতিটি সদস্যের তথ্যভান্ডার আমাদের কাছে থাকবে।’