রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, দেশের সর্বত্র তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি গ্রামকে তথ্যপ্রযুক্তির মহাসড়কে যুক্ত করতে হবে। রাষ্ট্রপতি গতকাল সোমবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন। খবর বাসসের। রাষ্ট্রপতি বলেন, ‘তথ্যপ্রযুক্তি হবে গ্রামের সঙ্গে শহরের এবং পল্লির সঙ্গে সারা বিশ্বের সেতুবন্ধন। গ্রামে বসবাসকারী জনগোষ্ঠী হবে বিশ্ব জনগোষ্ঠীর এক ও অভিন্ন সত্তা।’ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিআরটিসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। রাষ্ট্রপতি বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কেবল বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তরের মানুষের মধ্যে বিস্তৃত করতে হবে। তিনি আরও বলেন, পল্লির মানুষ যাতে সহজে তথ্যপ্রযুক্তির বিশাল জগতে প্রবেশ করতে পারে তার উপযুক্ত ক্ষেত্র তৈরি করতে হবে।‘জিল্লুর রহমান বলেন, সরকারের সব কর্মকাণ্ড তথ্যপ্রযুক্তির আওতায় এনে কাজের গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সন্তুষ্টির বিষয় হলো, জাতীয় জীবনের নানা ক্ষেত্রে আজ তথ্যপ্রযুক্তির ব্যবহার হচ্ছে। ছাত্র, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, গবেষকসহ নানা শ্রেণী-পেশার মানুষ এ থেকে উপকৃত হচ্ছে।