নেত্রকোনায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বিশিষ্ট নারীনেত্রী মুক্তিযোদ্ধা আয়শা খানম বলেছেন, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যুদ্ধাপরাধীরা আজও হুঙ্কার ছাড়ে। এরা দেশ ও জাতির শত্রু। এদের কোনো ক্ষমা নেই। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলুন। আর বিলম্ব নয়, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।গতকাল শুক্রবার জেলা শহরের মোক্তারপাড়া মহুয়া অডিটরিয়ামে বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখার দ্বাদশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আয়শা খানম আরও বলেন, ‘বেগম রোকেয়া বলেছিলেন, “যাহা যাহা পুরুষরা পারিবে, তাহা তাহা নারীরাও পারিবে”। তাই আমরা শুধু নারীর অধিকারের জন্য আন্দোলন করছি না, নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। আমরা প্রতিটি ঘরে মাটির প্রদীপ জ্বালানোর চেষ্টা করছি। নারীদের বাদ দিয়ে দেশের কল্যাণ কখনোই সম্ভব নয়। তিনি সিডো সনদ পুরোপুরি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান।নেত্রকোনা জেলা শাখার সভাপতি সাহিদা পাঠানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা পরিষদের অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, প্রবীণ চিকিৎসক ও সমাজসেবক এম এ হামিদ খান, সদর উপজেলার ইউএনও জাকিয়া পারভীন, সংগঠনের সাধারণ সম্পাদক রেহানা সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক তাহেজা বেগম, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা রেড ক্রিসেন্ট সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন, আলী আমজাদ খান, জোবেদা আক্তার খাতুন, নেলী বড়ুয়া, কোহিনূর বেগম প্রমুখ।