প্রতিটি চা-বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ১৬৬টি চা-বাগানে আছে মাত্র ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাধ্যমিক বিদ্যালয়। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় চা-শ্রমিকদের কোনো সন্তান প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরোলেও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না।

এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে প্রতিটি চা-বাগানে একটি প্রাথমিক বিদ্যালয়, অন্তত তিনটি বাগানের সমন্বয়ে মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, বিশেষ কোটা পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে সম্মেলন করেছে সিলেটে চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার সিলেট নগরের জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন হয়।

সম্মেলনে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারের ৩৫টি চা-বাগানের শতাধিক ছাত্র প্রতিনিধি অংশ নেয়। কনভেনশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শান্ত বাউরী। চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক সঞ্জয় কান্ত দাসের সঞ্চালনায় বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান রাশেদ তালুকদার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, রবীন্দ্রসংগীতশিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, আইনজীবী হুমায়ুন রশীদ, চিকিৎসক নমিতা দাশ ও সাংবাদিক সজল ছত্রী।

এই দাবির প্রতি সংহতি জানিয়ে সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদের (মার্ক্সবাদী) সিলেট জেলা শাখার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ময়নূল ইসলাম, প্রকৌশলী আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সুবল পাল, চা-শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চা-শ্রমিকনেতা হৃদেশ মুদি প্রমুখ।