গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদে বেগম ফরিদা রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, শুধু তা-ই নয়, ‘গ্রোথ সেন্টার’ পর্যন্ত পরিকল্পিত বহুতলবিশিষ্ট ফ্ল্যাট নির্মাণে পরিকল্পনা অনুসারে সরকার কাজ করছে। রূপকল্প-২০২১ অনুযায়ী ২০২১ সালের মধ্যে সবার জন্য আবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।তিনি বলেন, এই অঙ্গীকার বাস্তবায়ন ও খাদ্যনিরাপত্তা-বেষ্টনী অক্ষুণ্ন রাখতে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত বহুতলবিশিষ্ট আবাসিক ভবন গড়ে তোলার কার্যক্রম শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বর্তমানে এই মন্ত্রণালয়ের আওতায় বেশ কিছু জেলা ও উপজেলায় স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য ‘সাইট অ্যান্ড সার্ভিসেস প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।এ বি এম গোলাম মোস্তাফার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরে আবাসন সমস্যার সমাধান, রাজধানীতে জেলা-উপজেলা থেকে জনগণের অভিবাসন কমানো এবং দেশের সুষম উন্নয়নের স্বার্থে জেলা শহরগুলোতে সরকারি উদ্যোগে ‘স্যাটেলাইট টাউন’ গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।তিনি বলেন, ইতিমধ্যে ঢাকা শহরের আশপাশে বহুতলবিশিষ্ট আধুনিক নাগরিক সুবিধাসংবলিত একাধিক ‘স্যাটেলাইট টাউন’ গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে। এই প্রকল্পগুলোতে প্লট ও ফ্ল্যাট উভয়েরই ব্যবস্থা থাকবে। স্যাটেলাইট টাউন নির্মাণের প্রকল্পগুলো সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় সম্পন্ন করা হবে।জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাধ্যমে ঢাকা মহানগরের চারপাশে চারটি ‘স্যাটেলাইট সিটি’ নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যে গৃহায়ণ কর্তৃপক্ষ তিনটি ও রাজউক একটি স্যাটেলাইট শহর নির্মাণ করবে।সারাহ বেগম কবরীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জনসংখ্যার চাপ কমাতে ঢাকা শহরের আশপাশে বহুতল ভবনবিশিষ্ট আধুনিক নাগরিক সুবিধাসংবলিত একাধিক ‘স্যাটেলাইট টাউন’ গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। দেশের সুষম উন্নয়নের স্বার্থে পর্যায়ক্রমে জেলা শহরগুলোর আশপাশেও ‘স্যাটেলাইট টাউন’ গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে রাজউক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ তাদের নিজস্ব বিধি-বিধানের আলোকে নিজ নিজ অধিক্ষেত্রে ইমারতের নকশা অনুমোদন করে থাকে। এ ছাড়া বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের জন্য নিজ নিজ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হলে তাদের নিজস্ব আইন অনুযায়ী ইমারতের নকশা অনুমোদনের ব্যবস্থা নেওয়া হবে।নজরদারি বেড়েছে: সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, জঙ্গি ও মৌলবাদের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত এনজিওগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। যে কারণে এখন আর তাদের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে না।সংসদের প্রশ্নোত্তরপর্বে মন্ত্রী এসব কথা বলেন। হোসেন মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদেশি অর্থায়নে বেশ কিছু এনজিও জঙ্গি ও মৌলবাদকে উসকানি দিয়েছে। এনজিওগুলোর কার্যক্রম পরিবীক্ষণের জন্য একক কোনো শক্তিশালী সংস্থা না থাকার কথা জানিয়ে তিনি বলেন, এর পরও প্রধানমন্ত্রীর নির্দেশে এনজিওগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে।