প্রতিটি জেলায় অনাথ আশ্রম গড়ে তোলার স্বপ্ন রমা চৌধুরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রতিটি জেলায় একটি করে অনাথ আশ্রম গড়ে তোলার স্বপ্ন দেখেন লেখক রমা চৌধুরী। চট্টগ্রামের জামালখান এলাকায় জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি স্প্রাখেতে আয়োজিত এক ঘরোয়া বৈঠকে তিনি এই ইচ্ছার কথা জানান।

ডি স্প্রাখে গতকাল শনিবার সকালে ‘রমা চৌধুরী: তাঁর কথা তাঁরই মুখে’ শীর্ষক ঘরোয়া বৈঠকের আয়োজন করে। এতে ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী, রমা চৌধুরীর বইয়ের প্রকাশ আলাউদ্দিন খোকন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রমা চৌধুরী।

আলাপচারিতায় উঠে আসে রমা চৌধুরীর শিক্ষাজীবন, কর্মজীবন ও মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনা। খালি পায়ে হেঁটে হেঁটে বই বিক্রির গল্পও শোনান তিনি।

রমা চৌধুরী বলেন, ‘আমার একটি স্বপ্ন আছে। আর সেটি হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে অনাথ আশ্রম গড়ে তোলা। এ জন্য ৪০ শতক করে জায়গা কিনব। যদি না পারি প্রয়োজনে দুই শতক জায়গা কিনব। সেখানেই অনাথ আশ্রম গড়ে তুলব।’

একাত্তরের জননী বইয়ের লেখক রমা চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে দেশের মাটির মুক্তি হয়েছে। কিন্তু দেশের মানুষের মুক্তি এখনো অর্জিত হয়নি। মানুষের মুক্তি না হলে স্বাধীনতার মূল্য নেই। ব্যক্তিগত উন্নতির জন্য বিদেশে না গিয়ে দেশে থেকে দেশের উন্নতির জন্য যুবসমাজকে কাজ করার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বক্তব্যে ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী বলেন, রমা চৌধুরী একজন সংগ্রামীর নাম। মুক্তিযুদ্ধ তাঁর জীবনকে এলোমেলো করে দিয়েছে। সবকিছু হারানোর পরও ইচ্ছাশক্তির জোরে মাথা উঁচু করে তিনি সমাজে দাঁড়িয়ে আছেন। তাঁর জীবন সবার জন্য অনুপ্রেরণার।