প্রতিটি জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল থাকবে
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রতিটি জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী উপজেলা পর্যায়েও হোস্টেল নির্মাণ করা হবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসএনভি) বাস্তবায়িত পোশাকশিল্পের শ্রমিকদের প্রজনন স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে হোস্টেল নির্মাণ করেছে। এ শিল্পে কর্মরত মায়েদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র ও মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছে।
সরকারের পাশাপাশি এসএনভি এ শিল্পের নারী শ্রমিকদের প্রজনন ও প্রসূতি স্বাস্থ্য সেবা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তার জন্য মন্ত্রী এসএনভিকে ধন্যবাদ জানান। নেদারল্যান্ডস সরকারের সহায়তায় এসএনভি নারী শ্রমিকদের এসব সেবা দেবে।
এসএনভির দেশীয় পরিচালক পাউয়েল স্টিভেনসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বাংলাদেশে নেদারল্যান্ডসের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ারস মারটিন ভেন হগসট্রেটেন প্রমুখ।