প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির অনুষ্ঠানে শেখ হাসিনা l ছবি: বাসস
বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির অনুষ্ঠানে শেখ হাসিনা l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন চিকিৎসক তৈরি, সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। গতকাল বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৪৩তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
চিকিৎসকেরা ঢাকার বাইরে যেতে চান না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বাইরে মেডিকেল কলেজ পরিচালনায় শিক্ষক-সংকট রয়েছে। এই সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে জনসংখ্যার বিবেচনায় প্রতি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের চিন্তাভাবনাও রয়েছে সরকারের।
শেখ হাসিনা বলেন, উপজেলা হাসপাতালেও চক্ষু বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে। গর্ভবতী নারীদের সচেতনতার ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জন্মগত অন্ধত্ব ও চোখের রোগ প্রতিরোধে গর্ভকালে মায়েদের আরও সচেতন হতে হবে।’
চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শুল্ক হ্রাস করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো কোনো ক্ষেত্রে তা শুল্কমুক্ত করা হয়েছে। চক্ষু চিকিৎসার সরঞ্জাম আমদানি শুল্কমুক্ত না হয়ে থাকলে তার উদ্যোগ নেওয়া হবে।
চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে গবেষণার প্রয়োজনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সম্প্রতি নতুন নতুন রোগব্যাধি দেখা দিচ্ছে। এসব রোগের প্রতিকার ও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে ব্যাপক গবেষণার প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম এবং রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে না। দুটি সম্পূর্ণ পৃথক ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে। বিভিন্ন বিভাগ এবং জেলা পর্যায়ের মেডিকেল কলেজগুলো এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে। ঢাকা মেডিকেল কলেজ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, তেমনি চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং রাজশাহী মেডিকেল কলেজ যথাক্রমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে।
প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। গত সাত বছরে প্রায় সাড়ে ১২ হাজার চিকিৎসক ও ৫ হাজারের বেশি নার্স নিয়োগ দেওয়া হয়েছে। নার্সদের মর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। ৩ হাজার মিডওয়াইফের পদ সৃষ্টি করে নিয়োগও দেওয়া হয়েছে। নতুন ১০ হাজার নার্সের পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি শরফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ দীন মোহাম্মদ নুরুল হককে পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে শহীদ ডা. আলিম চৌধুরী স্বর্ণপদক প্রদান করেন।