প্রতিটি জেলায় হবে বৈষম্য বিলোপ বিশেষ আদালত
সরকার প্রতিটি জেলায় ‘বৈষম্য বিলোপ বিশেষ আদালত’ স্থাপন করবে। প্রতিটি জেলার জেলা ও দায়রা জজ তাঁর সাধারণ মামলা ছাড়াও এই আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। বৈষম্যের শিকার যেকোনো ব্যক্তি প্রতিকার চেয়ে এ আদালতে মামলা করতে পারবেন।
আইন কমিশনের প্রণীত বৈষম্য বিলোপ আইন, ২০১৪-এর খসড়ায় এ ধরনের আদালত স্থাপনের কথা বলা হয়। খসড়াটি সম্পর্কে মতামত দেওয়ার জন্য ছয় সপ্তাহ সময় দিয়ে গত ৮ জানুয়ারি আইন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এ ধরনের আইন প্রণয়নের উদ্যোগ দেশে এই প্রথম।
দেশের সংবিধান সব নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে। সব বৈষম্য নিষিদ্ধ করেছে। সব ধরনের জাতিগত বৈষম্য বিলোপসংক্রান্ত আন্তর্জাতিক সনদেও বাংলাদেশ স্বাক্ষরকারী।
কিন্তু দেশের বাস্তব চিত্র ভিন্নতর। বাস্তবে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, পেশা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, যৌনকর্মী, হিজড়া বা লিঙ্গ প্রতিবন্ধী, নারী-পুরুষভেদ, এমনকি জন্মস্থানের কারণেও অনেকে বৈষম্যের শিকার হচ্ছেন। কিন্তু ভুক্তভোগীদের প্রতিকার চাওয়ার জায়গা নেই। আইনটি প্রণীত হলে সেই জায়গা তৈরি হবে।
দণ্ড: আইনটির খসড়ায় কোনো ধর্ম পালনের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি এবং শিক্ষা ও চিকিৎসা গ্রহণ এবং কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য প্রথমবার অনধিক দুই বছর কারাদণ্ড বা অন্যূন ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পরবর্তী সময়ে প্রতিবার এ ধরনের অপরাধের জন্য অনধিক ১০ বছর কারাদণ্ড বা অন্যূন ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রযোজ্য হবে। জনসমাবেশস্থল, সর্বজনীন উৎসব, নিজ ধর্মীয় উপাসনালয়ে প্রবেশ ও অংশগ্রহণে বাধা দিলেও একই দণ্ড প্রযোজ্য হবে।
বিভিন্ন নাগরিক সেবা পেতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য প্রথমবার অনধিক দুই বছর কারাদণ্ড বা অন্যূন ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। পরবর্তী প্রতিবারের জন্য অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা অন্যূন পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে।
লিঙ্গপ্রতিবন্ধী শিশুকে পরিবারে না রেখে কোনো গোষ্ঠীর কাছে দিলে, লিঙ্গপ্রতিবন্ধী হওয়া ও বাবার পরিচয় দিতে না পারার অজুহাতে শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করা না হলে বা নির্যাতন করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের করে দিলে কিংবা লিঙ্গপ্রতিবন্ধীদের সম্পত্তির উত্তরাধিকার হতে এবং সম্পত্তি লাভে বাধা দেওয়া হলে অনধিক ১০ বছর কারাদণ্ড বা অন্যূন ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
জানতে চাইলে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক প্রথম আলোকে বলেন, ‘সংবিধানে সব মানুষের মধ্যে সমতা তৈরি এবং সব ধরনের বৈষম্য নিষিদ্ধের কথা বলা আছে। তবে শুধু সংবিধানে থাকলেই হবে না, সংবিধানের কথাগুলো বাস্তবায়নের জন্যই আইনটি প্রণয়ন করা হচ্ছে।’