প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে তোলাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই তাঁর সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মূল লক্ষ্য। গতকার মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকাণ্ডের ওপর ‘পাওয়ার পয়েন্ট’ উপস্থাপনায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনে জমির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিপুল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে চায় তাঁর সরকার। পল্লি এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করাও তাঁদের উদ্দেশ্য। আর এ লক্ষ্যেই আমরা এ প্রকল্প বাস্তবায়ন করছি।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অনুষ্ঠানে বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানা।এ ছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক এম হুমায়ুন খালেদ এ প্রকল্পের কর্মকাণ্ডের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। অনুষ্ঠানে সারা দেশে জেলা সমবায় কর্মকর্তা ও বিআরডিবির উপপরিচালকেরা উপস্থিত ছিলেন।শেখ হাসিনা ১৯৯৬-২০০১ মেয়াদকালে এ প্রকল্পের উদ্যোগ নেন। পরবর্তী সময়ে গত নভেম্বরের একনেকের বৈঠকে প্রকল্পটি অনুমোদিত হয়। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ (বিআরডিবি), সমবায় অধিদপ্তর, কুমিল্লা বার্ড ও বগুড়ার আরডিএর মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ১৯৭ কোটি টাকা। বাসস।