সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশের প্রতিটি বিভাগে টেলিভিশনের স্থায়ী কেন্দ্র করা হবে। এ ছাড়া প্রতিটি বিভাগে সংস্কৃতিচর্চা ও প্রশিক্ষণ কমপ্লেক্স স্থাপন করা হবে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রংপুর প্রাইম মেডিকেল কলেজে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি সপ্তাহে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিটি ক্ষেত্রে ভালো মানুষের প্রয়োজন। সংস্কৃতিচর্চার মাধ্যমে ভালো মানুষ সৃষ্টি করা সম্ভব। এ জন্য লেখাপড়ার পাশাপাশি সবার সংস্কৃতিচর্চা করা প্রয়োজন।’
প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ, সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসেন আরা লুৎফা, রংপুর জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন প্রমুখ।