প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, নরসিংদী পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রের প্রত্যেকটি বুথে ওয়েব ক্যামেরা স্থাপন করা হবে। ভোট গ্রহণ, গণনার কাজ পর্যন্ত পুরো সময় রেকর্ড করা হবে।গতকাল শনিবার নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় সিইসি এ কথা বলেন। সিইসি শামসুল হুদা বলেন, উপনির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং এ নিয়ে যাতে পরে কোনো অভিযোগ না আসে সে জন্য নির্বাচন অনুষ্ঠানের প্রথম ধাপ হিসেবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পাশাপাশি নতুন প্রযুক্তি হিসেবে ওয়েব ক্যামেরা ব্যবহার করা হবে। কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা যাতে না হয়, সে জন্য নির্বাচনে পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করা হবে।সিইসি বলেন, নির্বাচনে প্রভাব পড়তে পারে অভিযোগ করে প্রয়াত লোকমান হোসেনের ছবিসংবলিত বিলবোর্ড বা পোট্রেট সরিয়ে ফেলার যে দাবি করা হয়েছে, তা নির্বাচনী আইনের আওতায় পড়ে না। কারণ, আইনে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর রঙিন ছবিসংবলিত বিলবোর্ড থাকতে পারবে না। সেখানে প্রয়াত লোকমান হোসেনের ছবি সরানোর প্রয়োজন নেই।জেলা প্রশাসক ওবায়দুল আজমের সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তা মিহির কামরুল হাসান, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, র্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার গোলাম সারোয়ার, জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম, রিটার্নিং কর্মকর্তা আবদুল অদুদ এবং নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।সিইসি পরে জেলা সার্ভার স্টেশনের নতুন ভবনের কার্যক্রম ও পৌর এলাকার ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দেওয়ার চলমান চারটি ক্যাম্প পরিদর্শন করেন।আজ ইভিএমের পরীক্ষামূলক ভোট গ্রহণ: ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা ও উদ্বুদ্ধ করতে আজ রোববার পৌর এলাকার চারটি ওয়ার্ডে ইভিএমে পরীক্ষামূলক ভোট গ্রহণ হবে। ওয়ার্ডগুলো হলো: এক, দুই, তিন ও পাঁচ। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই সব ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে ভোটারদের ইভিএম মেশিন এবং তাতে ভোট প্রদান সম্পর্কে ধারণা দেওয়া হবে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম।জনগণের মুখোমুখি চার প্রার্থী: গতকাল বেলা তিনটার দিকে নরসিংদী পৌরসভা প্রাঙ্গণে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী গতকাল জনগণের মুখোমুখি হন। তাঁরা হলেন: শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, হাজি আফজাল, মোছাব্বির আহমেদ নাসির ও আরিফুল ইসলাম। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক প্রার্থীকে জনগণের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের শপথ পড়ানো হয়। পরে একে একে সব প্রার্থী বক্তব্য দেন। উপস্থিত সাধারণ ভোটাররা প্রার্থীদের দেওয়া হলফনামা ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করেন। প্রার্থীরা ওই সব প্রশ্নের উত্তর দেন।উপস্থিত সব প্রার্থী বলেন, তাঁরা নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নত নরসিংদী গড়বেন। পাশাপাশি নাগরিক সব সুযোগসুবিধা নিশ্চিত করবেন।