প্রতিটি মন্দির ও বাড়িতে পাহারা বসানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘শনিবার রাতে রামুর বৌদ্ধমন্দির ও বসতিতে যেভাবে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা বর্বরোচিত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজ থেকে প্রতিটি মন্দির ও বসতিতে পাহারা বসানো হবে।’গতকাল রোববার বিকেলে কক্সবাজারের রামু উপজেলা সদরের চৌমুনীতে আয়োজিত এক জনসভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।এর আগে জাহাঙ্গীর কবির নানক, বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল কক্সবাজার সফরে আসেন।বকেল পাঁচটার দিকে চৌমুনীতে রামু উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় জনসভায় মাহবুব উল আলম হানিফ বলেন, মন্দিরে যারা হামলা চালিয়েছে, তাদের ধরার চেষ্টা চলছে।সাংসদ বীর বাহাদুর বলেন, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের পেছনে কোনো শক্তির হাত আছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়: হামলার ঘটনায় বেলা দেড়টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন জাহাঙ্গীর কবির নানক, বীর বাহাদুর ও মাহবুব উল আলম হানিফ।বৈঠকে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কামাল উদ্দিন বলেন, ‘মন্দিরে বর্বরোচিত হামলার জন্য আমরা ইমাম সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি।’এ প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, তাঁকে (উত্তম কুমার বড়ুয়া) শিগগির গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া বলেন, ‘রোববার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সরেজমিনে রামুর মন্দির পরিদর্শন শেষে জনসভায় বলে গেছেন, আর কোনো মন্দির ও বসতিতে হামলা হবে না। অথচ তিনি চলে যাওয়ার চার ঘণ্টা পর উখিয়া, টেকনাফসহ বিভিন্ন স্থানে ছয়-সাতটি মন্দিরে হামলা চালানো হয়েছে। একজন অপরাধ করবে, আর আমরা সবাই কেন কষ্ট পাব? আমরা কি স্বাধীন দেশের নাগরিক নই?’জবাবে হানিফ বলেন, আগামীতে যেন কোনো মন্দিরে হামলা না হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সোমেশ্বর চক্রবর্তী বলেন, একটি ছেলে ফেসবুকে একটি বিতর্কিত ছবি দিল, আর তার জন্য ৫০০ বছরের ইতিহাস ধ্বংস হয় কী করে? রামুর প্রতিটি মন্দিরের বয়স ১৫০ থেকে ৫০০ বছর। টাকা দিয়ে এই ক্ষতিপূরণ সম্ভব নয়।জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান বলেন, রাত আটটায় ফেসবুকে ছবিটি এল। রাত ১০টায় রাস্তায় নেমে মিছিল-মিটিং শুরু হলো। কিন্তু কয়েক মিনিটের মধ্যে হঠাৎ করে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়াসহ বিভিন্ন দুর্গম গ্রাম থেকে কয়েক হাজার মাদ্রাসার ছাত্র কোথা থেকে এল, জানতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) নওশের আলী, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রমুখ।