প্রতিটি শিল্প-কারখানাকে লাভজনক করে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘আমরা প্রতিটি শিল্প-কারখানাকে লাভজনক করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। অতীতের বিভিন্ন সরকার সীমাহীন দুর্নীতি করেছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। এতে লোকসান হওয়ায় তাঁরা একের পর এক শিল্প-কলকারখানা বন্ধ করে দিয়েছে।’ গত রোববার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন। যমুনা নদীর ভাঙনের হুমকিতে থাকা জিল বাংলা চিনিকল রক্ষায় স্থানীয় সুধীজন, প্রশাসনের কর্মকর্তা, আখচাষি ও চিনিকলের কর্মীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রণজিৎ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সাংসদ ফরিদুল হক খান প্রমুখ। শিল্পমন্ত্রী বলেন, জিল বাংলা সুগার মিল আধুনিকায়ন করা হবে। আপনারা এর উৎপাদন বাড়ান। বেশি বেশি আখ চাষ করুন। ঐতিহ্যবাহী এই চিনিকলকে যমুনার ভয়াবহ ভাঙনের কবল থেকে রক্ষা করতে সরকার জরুরি পদক্ষেপ নেবে।এর আগে শিল্পমন্ত্রী ও তথ্যমন্ত্রী দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন এবং দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।