প্রতিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চাই নারীবান্ধব পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শয্যাসংখ্যা বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে তাদের পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে সব ক্ষেত্রে প্রয়োজন নারীবান্ধব পরিবেশ।৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাজধানীর সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।আয়শা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেড ও বাংলাদেশ ওয়াইডব্লিউসিএ আয়োজিত ‘রবি মিউজিক ফর দ্য উইমেন’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সব ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের প্রতিশ্রুতি ছিল। সরকার সেই অঙ্গীকার রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সন্তান জন্ম দিতে গিয়ে এখনো অনেক মায়ের মৃত্যু হচ্ছে। এ ছাড়া বাল্যবিবাহ এখনো পুরোপুরি রোধ করা সম্ভব হয়নি।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, নারীর স্বাস্থ্য অধিকার আজ পর্যন্ত স্বীকৃতি পায়নি। তারা এখনো অসুস্থ হলে সংসারহারা, গৃহহারা হয়। তিনি নারীদের স্বাস্থ্য রক্ষায় পরিবারের পাশাপাশি রাষ্ট্রকেও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু হাসপাতালে তাদের জন্য শয্যাসংখ্যা খুবই সীমিত।বাংলাদেশ ওয়াইডব্লিউসিএর জাতীয় সভানেত্রী নেলী সাহা মেয়েদের স্বাস্থ্য রক্ষায় আরো বেশিসংখ্যক চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসা বিশেষজ্ঞ সালমা সুলতানা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পাশাপাশি সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, জরায়ুমুখের ক্যানসার নিয়ে নানা পর্যায়ে আলাপ-আলোচনার কারণে সচেতনতা বেড়েছে। স্তন ক্যানসার নিয়েও নারীদের সচেতন করা প্রয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, অভিনেত্রী বিপাশা হায়াৎ, সাংবাদিক শাহনাজ মুন্নী, বাংলাদেশ ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদক জয়েস মর্মিতা দাস, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী প্রমুখ। নারী নির্যাতন বাড়েনিঅনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ সম্প্রতি নারী নির্যাতন বাড়ার যে পরিসংখ্যান দিয়েছে, তা সঠিক নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তার পরও কেন ক্লাসরুমে ঢুকে শিক্ষিকা হত্যার মতো ঘটনাগুলো ঘটছে, এমন প্রশ্নের উত্তর তিনি দেননি।