প্রতিদিন খরচ হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার রাস্তাঘাটে প্রায় দুই হাজার অটোভ্যান চলাচল করছে। প্রতিদিন এসব অবৈধ যানের পেছনে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। বিদ্যুতের ওপর চাপ বাড়ায় লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে গ্রাহকদের। তবে চালকেরা দাবি করেছেন, যান অবৈধ হলেও তাতে লোকজনের সুবিধা হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, আগস্ট মাসের মাঝামাঝি থেকে উপজেলার সড়কগুলোতে অটোভ্যান চলাচল শুরু হয়। লাভজনক হওয়ায় চালকেরা এর প্রতি ঝুঁকে পড়েছেন। আগে এসব যান তেমন একটা দেখা না গেলেও এখন এর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। সাড়ে তিন মাসের মধ্যেই উপজেলায় এর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (ডিজিএম) ফসিউল হক জাহাঙ্গীর বলেন, ‘এসব গাড়িতে ১২ ভোল্টের চার থেকে পাঁচটি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। তাতে বিদ্যুতের ওপর চাপ বাড়ছে। ফলে লোডশেডিং হচ্ছে। যে মিটার থেকে চার্জ দেওয়া হচ্ছে, সেগুলোকে আবাসিক থেকে বাণিজ্যিক গ্রাহকের আওতায় নিয়ে আসা হচ্ছে।’ প্রতিটি অটোভ্যানে চার্জ দিতে পাঁচ ইউনিট বিদ্যুৎ খরচ হলে দুই হাজারের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে বলে জানান তিনি।
চালক ও অটোভ্যানের মালিকেরা জানান, ভ্যানগাড়ির নিচে অ্যাসিড ব্যাটারি ও বৈদ্যুতিক মোটর সংযোজন করে অটোভ্যানে রূপান্তর করা হচ্ছে। স্থানীয়ভাবে এসব যান তৈরি করার ফলে এর চাহিদাও বেড়েছে। এসব গাড়ির জন্য ব্যাটারিতে বৈদ্যুতিক চার্জ দিতে হয়।
অটোভ্যানের কারিগর উপজেলার ভবানীগঞ্জের সোহেল রানা ও ইসমাইল হোসেন জানান, তাঁরা সাধারণত অটোভ্যানে ১২ ভোল্টের চার থেকে পাঁচটি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছেন।
গাড়ির মালিক ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় অটোভ্যানের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ১৬ ইউনিয়নে দেড় হাজার ও দুই পৌরসভায় ৫০০ ভ্যানগাড়ি অটোভ্যানে রূপান্তর করা হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উপজেলার সড়কগুলো অবাধে যাত্রী ও মালামাল বহন করছে এসব অবৈধ যান। সাধারণ ভ্যানগাড়িতে ইঞ্জিন বসানোর ফলে এর গতিও বেড়েছে কয়েক গুণ। এ কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। গত তিন মাসে মচমইল, ভবানীগঞ্জ, হাটগাঙ্গোপাড়া, নরদাশ এলাকায় ৩০টির বেশি দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
অটোভ্যানের চালক আলতাফ, মোবারক, ইসমাইল হোসেনসহ কয়েকজন জানান, বিদ্যুতের চার্জের সাহায্যে এসব গাড়ি চলাচল করছে। ভটভটি চলাচল করতে পারলে এটির বৈধতা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এর কারণে লোকজনের চলাচলে সুবিধা হয়েছে বলেও তাঁরা দাবি করেছেন।
উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও হামিরকুৎসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, অবৈধ অটোভ্যানের সংখ্যা দিন দিন বাড়ছে। বাগমারায় গত তিন মাসে এর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। পৌরসভা বা উপজেলা
পরিষদ থেকে এই গাড়ির মালিকদের ট্রেড লাইসেন্স দেওয়া হলে তাঁরা যেমন উপকৃত হবেন, তেমনি সরকারও রাজস্ব পাবে।