প্রতিদিন গড়ে একটি 'হত্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র: আইন ও সালিশ কেন্দ্র
সূত্র: আইন ও সালিশ কেন্দ্র

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নিখোঁজের ঘটনা বাড়ছে। নতুন বছরের শুরুতেই ৪১ দিনে ৪৪ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুপ্তহত্যার শিকার হয়েছেন। এই হিসাব মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের।
সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এ অবস্থা চলতে থাকলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা আগের যেকোনো সময়কে ছাড়িয়ে যাবে। এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল ২০০৫ ও ২০০৬ সালে বিএনপির আমলে। ২০০৫-এ ৩৭৭ এবং পরের বছর ৩৬২ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তখন ‘ক্রসফায়ার’ নামে পরিচিত এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে জোরালো অবস্থান ছিল আওয়ামী লীগের। ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ পাঁচ বছরে এ হত্যাকাণ্ড বন্ধ করতে পারেনি, তবে কমেছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে এ বছরের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে সাতজনের লাশ পাওয়া গেছে। আর এই ১৬ জনের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয়জন, জামায়াত-শিবিরের তিনজন, ছাত্রলীগের তিনজন এবং চারজন অরাজনৈতিক ব্যক্তি। আর গতকাল ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কথিত বন্দুকযুদ্ধে ৩৪ জন ও আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর হেফাজতে তিনজন নিহত হয়েছেন।
আসক প্রথম সারির আটটি জাতীয় দৈনিক থেকে এসব তথ্য নিয়েছে। এসব অভিযোগ পুলিশ, র‌্যাবসহ যৌথ বাহিনীর বিরুদ্ধে।
২০১৩ সালে এবং চলতি বছরের প্রথম কয়েক দিন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা মাত্রা ছাড়ায়। বিশেষ করে, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের সময় নির্বিচারে ককটেল বিস্ফোরণ, যাত্রীভর্তি গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন দেওয়াসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চরম আকার ধারণ করে। আসকের হিসাবে ২০১৩ সালজুড়ে এসব রাজনৈতিক সংঘাতে মোট ৫০৭ জন নিহত এবং প্রায় সাড়ে ২২ হাজার মানুষ আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য ও দুজন বিজিবির সদস্যও রয়েছেন।
পুলিশ ও র‌্যাবের দায়িত্বশীল কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলছেন, এখন যে হত্যা ও গুমের অভিযোগ উঠছে, তার সঙ্গে গত বছরের রাজনৈতিক সহিংসতার যোগসূত্র রয়েছে। ব্যাপক সহিংসতা সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের উচ্চপর্যায় থেকে কঠোর অবস্থানে যেতে বলা হয়েছে। তাঁর পরিপ্রেক্ষিতেই ‘কিছু’ ঘটনা ঘটেছে।
তবে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, এ রকম ঢালাও অভিযোগ ঠিক নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন আইন মেনেই। কেউ আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার বিধান আইনেই আছে।
‘ক্রসফায়ার’ কমে, গুপ্তহত্যা বাড়ে: মানবাধিকার নিয়ে কাজ করেন এমন দুজন ব্যক্তি মনে করেন, বিরোধী দলকে সামাল দিতে সরকার অতি তৎপর। যার ফলে একই সঙ্গে বেড়েছে ঘোষিত (ক্রসফায়ার) ও অঘোষিত (গুপ্তহত্যা-গুম) বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।
আসকের হিসাবে দেখা যায়, বিএনপির আমলে ২০০৪ সালে ২১০ জন, ২০০৫ সালে ৩৭৭, ২০০৬ সালে ৩৬২ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় এ সংখ্যা কমে আসে। ২০০৭ সালে ১৮০, ২০০৮ সালে ১৭৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হন।
এরপর ২০০৯ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ওই বছর এই সংখ্যা বেড়ে হয় ২২৯। এর পরের বছরগুলোতে ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’ বা হেফাজতে মৃত্যুর ঘটনাগুলো কমলেও বেড়ে যায় গুম-গুপ্তহত্যার মতো ঘটনা। ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাদের স্বজনদের ধরে নিয়ে যাওয়ার পর গুম করে দেওয়া হচ্ছে বা লাশ ফেলে রাখা হচ্ছে।
আসকের হিসাব অনুযায়ী, ২০১০ সালে ১৩৩ জন ‘ক্রসফায়ার’, গুলি ও হেফাজতে নিহত হন। একই বছর ৪৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা অপহরণের শিকার হন। এঁদের মধ্যে পরে ছয়জনের লাশ মেলে, সাতজনকে থানায় হস্তান্তর করা হয়। অন্যরা এখনো নিখোঁজ। ২০১১ সালে ১০০ জন ক্রসফায়ার ও হেফাজতে নিহত হয়েছেন। অন্যদিকে ৫৯ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ ওঠে। পরে ১৬ জনের লাশ পাওয়া যায়, চারজনকে থানা হেফাজতে দেওয়া হয়। অন্যরা এখনো নিখোঁজ। ২০১২ সালে ক্রসফায়ার ও পুলিশ-র‌্যাবের হেফাজতে মৃত্যুর সংখ্যা কমে আসে ৯১-এ। এ সময় ধরে নিয়ে যাওয়া হয় ৫৬ জনকে, যাঁদের মধ্যে চারজনের লাশ পরে পাওয়া গেছে।
২০১৩ সালে বেড়েছে সব ধরনের হত্যা: আসকের হিসাবে ২০১৩ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ২০৮ জন নিহত হয়েছেন। এঁদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে ১৩৭ জন মারা গেছেন। অন্যরা নিহত হয়েছেন ক্রসফায়ার ও পুলিশ-র‌্যাবের হেফাজতে থাকা অবস্থায়। এই সময়ে ৫৮ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ ওঠে। এঁদের মধ্যে পরে পাঁচজনের লাশ পাওয়া যায়। আর পাঁচজনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে ও পুলিশে সোপর্দ করা হয়েছে। অন্যরা এখনো নিখোঁজ।
রাজনৈতিক ব্যক্তিরা হত্যা ও গুমের শিকার: গত বছরের ২৭ নভেম্বর রাতে ঢাকায় যাওয়ার পথে লাকসাম-কুমিল্লা সড়কে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সাংসদ সাইফুল ইসলাম (৫৯), বিএনপির লাকসাম পৌরসভার সভাপতি হুমায়ুন কবির পারভেজ (৪০) এবং বিএনপির আরেক নেতা জসিম উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। পরে জসিমকে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। এখন তিনি কারাগারে। অন্য দুজনের খোঁজ মেলেনি।
সাইফুল ইসলামের বোন সেলিনা আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর ভাইকে ধরে নিয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে থাকা জসিম উদ্দিনের সঙ্গে তাঁরা পরে যোগাযোগ করেন। জসিম বলেছেন, সাদাপোশাকে থাকা ব্যক্তিরা একটি গাড়িতে করে সাইফুল ও হুমায়ুনকে ধরে নিয়ে গেছেন।
গত ১৪ ডিসেম্বর আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা করে পাঁচজনকে হত্যা করা হয়। অভিযোগ আছে, বিএনপি-জামায়াত এ হামলা চালায়। এ ঘটনার প্রধান আসামি লক্ষ্মীছাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর লাশ মেলে গত ১৭ জানুয়ারি। রব্বানীর মামা আবদুল কাদের অভিযোগ করেন, চার দিন আগে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে রব্বানীকে ধরেছিল র‌্যাব। তবে র‌্যাব এ কথা স্বীকার করেনি।
একই ঘটনার আরেক আসামি টুপামারি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আতিকুর রহমানের লাশ পাওয়া যায় ২০ জানুয়ারি সৈয়দপুর এলাকার মহাসড়কের পাশ থেকে। তাঁর ভাই আমিনুল ইসলামের অভিযোগ, টাঙ্গাইলে পালিয়ে থাকা অবস্থায় ১৪ জানুয়ারি তাঁকে ডিবি পরিচয়ে একদল লোক ধরে আনেন। পরে তাঁর লাশ পাওয়া যায়।
গত ১২ ডিসেম্বর লক্ষ্মীপুরে মিছিল থেকে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল মাহমুদ গুম হন। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে র‌্যাবের অভিযানের খবর শুনে তাঁরা মিছিল নিয়ে ওই বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় র‌্যাব মিছিলে গুলি করলে ইকবাল মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে লাশটি র‌্যাবের সঙ্গে থাকা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া যায়। ঘটনাস্থলে ইকবালের রক্ত, মগজ, স্যান্ডেল পড়ে থাকতে দেখা গেলেও ইকবালের লাশ মেলেনি এখনো।
লোক দেখানো তদন্ত: ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে বিএনপির নেতা ও সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে অজ্ঞাত ব্যক্তিরা ধরে নিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই তাঁরা নিখোঁজ। ২০১০ সালের ২৫ জুন একই কায়দায় ফার্মগেট এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর চৌধুরী আলমকে। তিনি এখনো নিখোঁজ। তদন্ত হচ্ছে-চলছে বলে সময় পার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান বলেন, নিরপেক্ষভাবে তদন্ত হলে ঘটনা উদ্ঘাটিত হওয়া উচিত। সূত্র ধরে এগোলে অপরাধীকে ধরা সম্ভব।