প্রতিদিন গড়ে ৬৬৫ জন মানুষকে কুকুরে কামড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতিদিন গড়ে ৬৬৫ মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছে। চার বছর আগে সরকার বন্ধ্যাকরণসহ বিভিন্ন উপায়ে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছিল। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর সেই কার্যক্রম শুরুই করেনি। আবার কুকুর নিধনে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, প্রতিবছর কুকুরে কামড় খাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। আক্রান্ত ব্যক্তিদের ৪২ শতাংশই আবার শিশু, যাদের বয়স ১৫ বছরের নিচে।
২০১২ সালে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালসহ সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে কুকুরের কামড় খেয়ে চিকিৎসা নিয়েছিল প্রায় ১ লাখ ২১ হাজার মানুষ। ২০১৩ সালে ওই সংখ্যা ছিল ২ লাখ ৩৫ হাজার ৭৭১, যা আগের বছরের প্রায় দ্বিগুণ। ২০১৪ সালে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২ লাখ ৪৩ হাজার এবং গড়ে প্রতিদিন কামড় খেয়েছে ৬৬৫ জন। চলতি বছরের প্রথম সাত মাসে আক্রান্ত মানুষের সংখ্যা হয়েছে প্রায় সোয়া লাখ।
তবে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি। কারণ, এখনো অনেক মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হলে সনাতনী চিকিৎসা নিয়ে থাকে, হাসপাতালে যায় না। বিত্তবান অনেকে ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা করান।
মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের হিসাবে, সেখানে প্রতিদিন ঢাকা ও আশপাশের এলাকার দুই শতাধিক মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে যায়। ২০১২ সালে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪০ হাজার ৪৭৩। এ বছরের ২০ অক্টোবর পর্যন্ত তা প্রায় ৫০ হাজারে পৌঁছেছে।
এ ছাড়া দেশের সব জেলার সরকারি হাসপাতালগুলোর সঙ্গে থাকা ৬৫টি জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্রের প্রতিটিতে দৈনিক নতুন-পুরোনো মিলিয়ে ১৫ থেকে ২০ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নেয়।
বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কর্মসূচির জাতীয় সমন্বয়ক এস এম এমরান আলী বলেন, ‘কুকুর মারা নিষেধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যাও ব্যাপক হারে বাড়ছে। সুতরাং স্বাভাবিকভাবেই কামড়ের প্রকোপ বাড়বে।’
২০২০ সালের মধ্যে দেশ থেকে স্থায়ীভাবে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ২০১১ সালে স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় চারটি কর্মকৌশল নির্ধারণ করে। এগুলো হচ্ছে জলাতঙ্ক রোগ ও এর চিকিৎসা সম্পর্কে মানুষকে অবহিত করতে বিভিন্ন সামাজিক কার্যক্রম জোরদার করা, কুকুরের কামড়ের আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করা, ব্যাপক হারে কুকুরের শরীরে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান এবং লাইগেশন ও খোজাকরণের মাধ্যমে পরিকল্পিতভাবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কার্যক্রমের লাইন ডিরেক্টর অধ্যাপক আবুল খায়ের মোহাম্মদ শামছুজ্জামান এ বিষয়ে প্রথম আলোকে জানান, গত কয়েক বছরে কর্মসূচির অন্য বিষয়গুলো নিয়ে কাজ করলেও কৌশলগত কারণে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের কাজটি তাঁরা শুরু করেননি।
এ বিষয়ে তাঁর ব্যাখ্যা, ‘আমরা মূলত জলাতঙ্ক সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, কুকুরের কামড়ের আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং ব্যাপক হারে কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার ওপর জোর দিয়েছি। সব কুকুরকে যদি টিকা দেওয়া হয়ে যায়, তাহলে কুকুর কাউকে কামড়ালেও জলাতঙ্ক হবে না।’
কুকুরের সংখ্যার সঙ্গে কামড়ের প্রকোপ বেড়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সত্য যে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে অনেক বেশি মানুষ এখন চিকিৎসা নিতে হাসপাতালে আসছে। এর কারণ, মানুষ এখন সচেতন হয়েছে।’
কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে অচিরেই গাজীপুর সিটি করপোরেশনে একটি পাইলট প্রকল্প চালু করা হবে বলে জানান তিনি।
জলাতঙ্ক নির্মূল কর্মসূচিতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরও কাজ করছে। তবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউটের (এলআরআই) পরিচালক জ্যোতিন্দ্রনাথ দাস। তিনি বলেন, দেশে কুকুরের সংখ্যা নির্ধারণে এখন পর্যন্ত কোনো জরিপ হয়নি। ঠিক কতটি কুকুরকে বন্ধ্যা করা হবে, সঠিক পরিসংখ্যান ছাড়া সেটা নির্ধারণ করাও সম্ভব নয়।
কুকুরের টিকাদান কার্যক্রমে ধীরগতি: চিকিৎসকেরা বলছেন, ৯৫ শতাংশ ক্ষেত্রেই কুকুরের কামড় থেকে জলাতঙ্কের জীবাণু ছড়িয়ে থাকে। জলাতঙ্কের জীবাণুবাহী অন্য প্রাণীগুলো হচ্ছে বিড়াল, শিয়াল, বানর ও বেজি। স্বাস্থ্য অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুসারে দেশে কুকুরের সংখ্যা ১৬ লাখের বেশি। এ ক্ষেত্রে যদি ১২ লাখ কুকুরকে তিন রাউন্ড করে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া যায়, তাহলে দেশকে জলাতঙ্কমুক্ত করা সম্ভব হবে। কারণ, এসব কুকুর যে বাচ্চা উৎপাদন করবে, সেগুলোর দেহেও জলাতঙ্ক প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়ে যাবে। তবে ২০১১ সাল থেকে কুকুরকে ব্যাপক হারে টিকাদান কর্মসূচি শুরু হলেও গত চার বছরে ১ লাখ ৯৪ হাজার ৮৭৭টি কুকুরকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু সাতক্ষীরা ও কক্সবাজার পৌরসভায় তিন রাউন্ড টিকাদান সম্পন্ন হয়েছে। এ ছাড়া গাইবান্ধা, সিরাজগঞ্জ, পাবনা ও গাজীপুর জেলায় এবং ঢাকার দুই সিটি করপোরেশন বাদে সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রথম রাউন্ড টিকা দেওয়া হয়েছে।
ঢাকার দুই সিটি করপোরেশনে কার্যক্রম নেই: একদিকে কুকুর নিধনে নিষেধাজ্ঞা, অন্যদিকে কুকুর নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় হিংস্র এই প্রাণীর উপদ্রব অস্বাভাবিক বেড়েছে। রাজধানীতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যাও।
২০১২ সালে উচ্চ আদালত কুকুর নিধনে নিষেধাজ্ঞা জারি করেন। এরপর ঢাকার দুই সিটি করপোরেশন অভয়ারণ্য নামের একটি বেসরকারি সংস্থার সঙ্গে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও জলাতঙ্ক প্রতিরোধ টিকা দেওয়ার চুক্তি করে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ২০১৪ সাল পর্যন্ত সংস্থাটি ১০ হাজার কুকুরকে বন্ধ্যাকরণ করেছে অথবা টিকা দিয়েছে। অভয়ারণ্যের একজন কর্মকর্তা জানান, চুক্তি শেষ হয়ে যাওয়ায় এই মুহূর্তে সিটি করপোরেশনের সঙ্গে সংস্থাটির কোনো কার্যক্রম নেই।
ঢাকার উত্তর সিটি করপোরেশনের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য খুব দ্রুত তাঁরা অভয়ারণ্যের সঙ্গে চুক্তি নবায়ন করবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ঢাকায় এই মুহূর্তে দেড় লাখের বেশি বেওয়ারিশ কুকুর আছে। তবে এলআরআইয়ের পরিচালক জ্যোতিন্দ্রনাথ দাস বলেন, ঢাকার বেশির ভাগ কুকুর মাইগ্রেটেড। কারণ, এখানে খাবারের সহজলভ্যতা বেশি। একটি মাদি কুকুর বছরে আটটি পর্যন্ত বাচ্চা প্রসব করে। তিন বছর কুকুর মারা বন্ধ থাকায় কুকুরের সংখ্যা আরও বেশি হওয়ার কথা।
রেবিস ইন এশিয়া ফাউন্ডেশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যুর ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষ তিনটি দেশের মধ্যে অবস্থান করছে। আগামী ৬ ও ৭ নভেম্বর ঢাকায় ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে।