প্রতিদিন ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকে বোরোখেতে সেচ ব্যাহত
জয়পুরহাটের কালাই উপজেলায় ২৪ ঘণ্টায় পাঁচ-ছয় ঘণ্টাও বিদ্যুৎ মিলছে না। একটানা চার ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে। এতে বোরোখেতে সেচ ব্যাহত হচ্ছে।গ্রাহকেরা জানান, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ইটাখোলা উপকেন্দ্র থেকে ৬ নম্বর সঞ্চালন লাইনের আওতাধীন এলাকা কালাই সদরসহ আশপাশে দিনে পাঁচ-ছয় ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ মিলছে না। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক দেওয়ান আবু জাফর মো. শামসুদ্দিন আহম্মেদও কালাই এলাকায় দিনরাতে মাত্র ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের সত্যতা নিশ্চিত করেছেন।কালাই কলেজপাড়ার বাসিন্দা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, লোডশেডিংয়ের নামে পল্লী বিদ্যুৎ যা করছে তা আসলে এক ধরনের অরাজকতা। সন্ধ্যায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা মোমবাতির আলোয় লেখাপড়া করছে।কালাই উপজেলার পুনট হিমাগারের ব্যবস্থাপক বিপ্লব কুমার ঘোষ জানান, আলু সংরক্ষণ মৌসুমের শুরুতেই উপজেলার ১০টি হিমাগার লোডশেডিংয়ের কবলে পড়েছে।কালাই উপজেলার বানিহারা গ্রামের গভীর নলকূপের ব্যবস্থাপক আবু রায়হান বলেন, আলু তোলার পর বোরো রোপণের জন্য প্রায় ১০০ বিঘা জমিতে সেচ নেওয়ার জন্য কৃষকেরা হুমড়ি খেয়ে পড়ছেন। অনেকেই জমি চাষ দিয়ে সেচের পানির জন্য চারা লাগাতে পারছেন না। আবার আলুর আবাদ ছিল না এমন জমিতে এরই মধ্যে বোরো লাগানো হয়েছে। এসব জমিতেও সেচ দেওয়া জরুরি। কিন্তু বিদ্যুতের ভেল্কিবাজিতে সেচ কার্যক্রম এখন বিপর্যস্ত।’উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোজাফফর রহমান বলেন, বোরো আবাদের জন্য এই মুহূর্তে সেচ খুবই জরুরি। আর সেচের জন্য জরুরি বিদ্যুৎ। লোডশেডিংয়ের কারণে বোরোখেতে সেচ কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে।দেওয়ান আবু জাফর মো. শামসুদ্দিন আহম্মেদ বলেন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের জন্য বর্তমানে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াট। অথচ বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটের তিনটি গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ মিলছে মাত্র ১০ মেগাওয়াট। সরবরাহ না পাওয়ায় কালাই সঞ্চালন লাইনে দিনরাতে ছয় ঘণ্টার বেশি বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না।