প্রতিদিন তৈরি হচ্ছে ২০০-এর বেশি রিকশা

নগরের মাদারবাড়ি, সদরঘাট, হালিশহর, ছোটপুল, মনসুরাবাদ, বেপারিপাড়া, হাজিপাড়া, লালখান বাজার, বাকলিয়া প্রভৃতি জায়গার প্রায় অর্ধশত গ্যারেজে তৈরি হচ্ছে মোটরচালিত রিকশা। প্রতিটি গ্যারেজে দিনে অন্তত চার-পাঁচটি করে নতুন রিকশা তৈরি হচ্ছে। সে হিসাবে নতুন রিকশা বের হচ্ছে দিনে ২০০টির বেশি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় রিকশা গ্যারেজেই বিক্রি হয়ে যায়। তবে অনেক সময় ক্রেতার সঙ্গে ব্যাটারি ও অন্যান্য যন্ত্রপাতির মান এবং স্থায়িত্ব নিয়ে গ্যারেজ মালিকের বনিবনা হয় না। এ অবস্থায় মালিকেরা ওসব রিকশা বিক্রির জন্য পাঠিয়ে দেন নগরের আগ্রাবাদ এলাকার বিভিন্ন শো-রুমে।
ইতিমধ্যে আগ্রাবাদ শেখ মুজিব সড়কে ব্যাটারিচালিত রিকশার বেশ কয়েকটি শো-রুম গড়ে উঠেছে। এসব শো-রুমের সামনের ফুটপাতে সাজিয়ে রাখা হয়েছে তিন-চারটি করে নতুন রিকশা।
চারজন কারিগর (মিস্ত্রী) মিলে দিনে একটি মোটর রিকশা বানানো যায়। কাজের চাপ থাকায় বিভিন্ন গ্যারেজে এখন কারিগরের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রতিযোগিতা চলছে কে কত কম সময়ে বেশি রিকশা তৈরি করতে পারেন। লোহা এবং কাঠের দুই ধরনের কাঠামোতে তৈরি হয় এসব রিকশা।
আগ্রাবাদ এলাকার একজন বিক্রেতা খোন্দকার আলী আযম জানান, ‘আগে একটি মোটরচলিত রিকশার দাম পড়ত ৬০ থেকে ৬৫ হাজার টাকা। সম্প্রতি মোটরের দাম কমেছে। ফলে রিকশার দামও আগের তুলনায় কমে এসেছে। বর্তমানে একটি রিকশার দাম পড়ছে ৫০ থেকে ৫৫ হাজার টাকা। দাম কমায় এগুলো কেনার আগ্রহও বাড়ছে। ব্যবসায়িকভাবে লাভজনক মনে করে অনেকেই সিএনজিচালিত অটোরিকশা কেনার চাইতে মোটরচালিত রিকশা কেনার দিকে ঝুঁকছেন। কারণ হিসেবে আলী আযম বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশার মতো তেল-গ্যাস কেনা, মেরামতের ঝামেলা এতে পোহাতে হয় না।’