ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই অংশে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এই দুই উপজেলার দুটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ৫০ শয্যার হাসপাতাল রয়েছে। কিন্তু এখানে দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের চিকি ৎসা দেওয়ার মতো প্রয়োজনীয় জনবল ও ব্যবস্থা নেই। এসব রোগীর জন্য বিশেষায়িত ট্রমা হাসপাতাল প্রয়োজন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলাধীন মহাসড়কের দায়িত্বে নিয়োজিত বারআউলিয়া হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী দুই উপজেলায় প্রতিদিন গড়ে একটি করে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। কিন্তু সব দুর্ঘটনায় মামলা কিংবা সাধারণ ডায়েরি হয় না। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকি ৎসা দেওয়ার মতো ট্রমা হাসপাতাল না থাকায় তাঁদের চট্টগ্রাম হাসপাতালে পাঠাতে হয়। এতে অনেকে পথেই মারা যায়।’ গত ১১ জুলাই মিরসরাইয়ের আবুতোরাব এলাকায় ট্রাক উল্টে স্কুলছাত্রসহ ৪১ জন নিহত হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, তা ৎক্ষণিকভাবে যদি আহত ব্যক্তিদের সুচিকি ৎসা দেওয়া যেত, তাহলে নিহতের সংখ্যা কমানো যেত। কিন্তু মিরসরাইয়ের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পর্যাপ্ত চিকি ৎসক ও সুবিধা না থাকায় সেটা সম্ভব হয়নি। জানা গেছে, মিরসরাই থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে অন্তত তিন ঘণ্টা সময় ব্যয় হয়। সীতাকুণ্ড থেকে আসতে লাগে দুই ঘণ্টা। ফলে গুরুতর আহত ব্যক্তিদের পথেই মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বেশির ভাগই হাড়ভাঙাজনিত। কিন্তু মিরসরাই ও সীতাকুণ্ডের দুটি হাসপাতালে এসব রোগীকে চিকি ৎসা দেওয়ার মতো কোনো অর্থোপেডিক সার্জন নেই। অর্থোপেডিক সার্জনসহ ১০ জন করে জুনিয়র কনসালটেন্ট থাকার কথা থাকলেও দুই হাসপাতালে যথাক্রমে চার ও ছয়টি কনসালটেন্টের পদ এখন শূন্য। দুটি করে মেডিকেল অফিসারের পদও খালি। সরজমিনে গিয়ে দেখা গেছে, রাতে এসব হাসপাতালে পালা করে একজন মাত্র চিকি ৎসক থাকেন। এ সময় সামান্য কাটাছেঁড়ার প্রাথমিক চিকি ৎসা ছাড়া অন্য কিছু দেওয়া হয় না। ফলে দুর্ঘটনার শিকার লোকজনের নির্ভর করতে হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর। একইভাবে এ দুই হাসপাতালে অস্ত্রোপচারকক্ষ থাকলেও তা প্রসূতিদের অস্ত্রোপচারে বেশি ব্যবহূত হয়। অ্যানেসথেটিস্ট থাকলে সার্জারি কিংবা হাড়ভাঙার চিকি ৎসক থাকেন না। হাড়ভাঙার চিকি ৎসক থাকলে অ্যানেসথেটিস্ট থাকেন না। এ প্রসঙ্গে মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম তবারক উল্লাহ বলেন, ‘দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অস্ত্রোপচারের মতো চিকি ৎসক ও সুযোগ-সুবিধার অভাব রয়েছে। তবে এ জন্য দরকার ট্রমা হাসপাতাল।’ চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মো. আবু তৈয়ব বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘জুনিয়র কনসালটেন্টরা গ্রামে থাকতে চান না। কিছুদিন পর পর ওখানে নতুন নতুন চিকি ৎসক দিই। কিন্তু বিভিন্ন মাধ্যমে তদবির করে তাঁরা চলে শহরে চলে আসেন।’ আবু তৈয়ব আরও বলেন, ‘মিরসরাই সদরে একটি ২০ শয্যার হাসপাতাল করার বিষয়ে অনুমোদন পাওয়া গেছে। এটি হলে ওখানকার চিকি ৎসা ব্যবস্থা আরও ভালো হবে।’