
প্রথম আলো: জলাবদ্ধতা দূর করতে আপনার আমলে ড্রেনেজ মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। এটি বাস্তবায়নে কী পদক্ষেপ নিয়েছিলেন?
মহিউদ্দিন চৌধুরী: মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব সিডিএর। তবে আমার আমলে নগরে জলাবদ্ধতা প্রকট ছিল না। কারণ, কর্ণফুলীতে পানির ধারণক্ষমতা তখন বেশি ছিল। খাল-নালা পরিষ্কার রেখেছিলাম। চট্টগ্রাম বিশ্বমানের নগর হিসেবে তখন পরিচিতি পেয়েছিল।
প্রথম আলো: কর্ণফুলীর ধারণক্ষমতা কমে যাওয়ায়ই কি জলাবদ্ধতা সৃষ্টির মূল কারণ?
মহিউদ্দিন চৌধুরী: কর্ণফুলীর ওপর শাহ আমানত সেতু নামে কংক্রিটের যে ব্রিজ বানানো হয়েছে, তাতে নদী নাব্যতা হারিয়ে ফেলেছে। ভাটারসময় ব্রিজ এলাকায় গেলে কর্ণফুলীকে খালের মতো মনে হয়। অথচ কংক্রিটের পরিবর্তে ঝুলন্ত ব্রিজ করার জন্য আমি আন্দোলন করেছি। তৎকালীন বিএনপি সরকারের একগুঁয়েমির কারণে নদীতে পিলার গেড়ে ব্রিজ বানানো হয়েছে। এর খেসারত এখন নগরবাসী দিচ্ছে। এখন বৃষ্টি বা জোয়ার হলে পানি উপচে ডুবে যাচ্ছে নগরের পথঘাট ও বাড়িঘর। নদীর সঙ্গে সংযোগ খালগুলো বেদখল হয়ে গেছে। নগরে পানিনিষ্কাশনের ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে।
প্রথম আলো: জলাবদ্ধতা নিরসনে আপনার পরামর্শ কী?
মহিউদ্দিন চৌধুরী: নিয়মিত ড্রেজিং করে কর্ণফুলীর গভীরতা বাড়াতে হবে। নদীর আশপাশে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিতে হবে। নগরের সব খাল নিয়মিত খনন এবং রাস্তার পাশে নালার গভীরতা ও প্রশস্ততা বাড়াতে হবে। জলাশয়, ডোবা ও পুকুর ভরাটের ওপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। গৃহস্থালি ময়লা-আবর্জনা নালা-নর্দমার মাধ্যমে খাল ও নদীতে চলে যাচ্ছে। ময়লা ব্যবস্থাপনায় নজরদারি দুর্বল মনে হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। প্রতিদিন একবার গোটা নগর ঘুরে দেখতে হবে।
সাক্ষাৎকার নিয়েছেন একরামুল হক