প্রতিদিন নষ্ট হচ্ছে ১২ হাজার লিটার দুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের কারণে সাতক্ষীরার খামারগুলোতে প্রতিদিন উৎপাদিত ১৬ হাজার লিটার দুধের অন্তত ১২ হাজার লিটারই নষ্ট হচ্ছে। মিল্ক ভিটা ও ব্র্যাক দুধ কেনা বন্ধ রাখায় খামারিরা এ সমস্যায় পড়ছেন। লোকসানের কারণে অনেক খামার বন্ধের উপক্রম হয়েছে। এদিকে অবরোধে বাজারে জোগান না থাকায় গোখাদ্যের দামও বেড়েছে। পাশাপাশি ব্যাংক ও বেসরকারি সংস্থার ঋণ পরিশোধ করতে না পারায় দুগ্ধ খামারিরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিশির কুমার বিশ্বাস বলেন, মালিকদের খামার টিকিয়ে রাখ কঠিন হয়ে পড়েছে। জেলায় উৎপাদিত ১৬ হাজার লিটার দুধের অন্তত ১২ হাজার লিটারই নষ্ট হচ্ছে। উৎপাদিত দুধ বাজারজাত করা বা কোথাও বিক্রি করা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে এই শিল্প অচিরেই বন্ধ হয়ে যাবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, জেলায় এক হাজার ৯৯১টি দুগ্ধ খামারে প্রতিদিন ১৬ হাজার লিটার দুধ হয়। এর মধ্যে দুগ্ধপল্লি হিসেবে খ্যাত তালা উপজেলার জিয়ালা গ্রামের ১৩৭টি খামারেই হয় সাত হাজার লিটার। হরতাল-অবরোধের আগে খামারিরা প্রতি লিটার দুধ ৩৫ থেকে ৪২ টাকায় বিক্রি করতে পারতেন।
ওই গ্রামের খামারমালিক দিবাস ঘোষ জানান, তাঁর খামারে ৪৭টি গরু আছে। এখানে প্রতিদিন উৎপাদিত ৩০০ থেকে ৩৫০ লিটার দুধের বেশির ভাগই অবিক্রীত থাকছে। কিছু দুধ স্থানীয়ভাবে ২০ থেকে ২৫ টাকা দরে বাকিতে বিক্রি করছেন। বাকিটা নষ্ট হয়ে যাচ্ছে।
কয়েকজন খামারমালিক জানান, ১৫ দিন আগেও প্রতি কেজি ভুসির দাম ছিল ২৮ টাকা। এখন তা ৩৮ থেকে ৪০ টাকা। একইভাবে ৩০ টাকা কেজির খৈল এখন ৩৪-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টির দোকানে দুধ বিক্রি করতে পারলেও রাজনৈতিক অস্থিরতার অজুহাতে টাকা বাকি রাখছেন ক্রেতারা।
একই গ্রামের আরেক খামারি প্রশান্ত ঘোষ জানান, প্রতিদিন তাঁকে উৎপাদিত প্রায় ২০০ লিটার দুধ ফেলে দিতে হচ্ছে। গাভির খাবার কমিয়ে দিয়ে দুধ উৎপাদন কমানোর চেষ্টা করছেন। দিনের পর দিন এ অবস্থা চলতে থাকলে খামার টিকিয়ে রাখা সম্ভব হবে না।
সদর উপজেলার ফয়জুল্লাহপুরের ৩০টি খামারের মালিকদেরও একই রকম অবস্থা। গ্রামের অবিনাশ মণ্ডল জানান, তাঁর খামারে পাঁচটি গরুর মধ্যে তিনটি গাভি দিনে মোট ২০ লিটার দুধ দেয়। বর্তমানে দুধ বিক্রি করতে পারছেন না। অথচ গরুর খাবারে প্রতিদিন খরচ হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা।
দুধ বহনে ব্যবহূত ইঞ্জিনচালিত ভ্যানের চালক জিয়ালা গ্রামের আবদুল আহাদ বলেন, সাইকেলে দুধভর্তি ড্রাম নিয়ে যাওয়ার চেষ্টা করলেও অবরোধকারীরা ফেলে দেন। মিল্ক ভিটার সাতক্ষীরা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তাঁরা গড়ে প্রতিদিন ৪২ টাকা লিটার দরে ছয়-সাত হাজার লিটার দুধ কিনে থাকেন। কিন্তু হরতাল-অবরোধের সময় দুধ বাইরে পাঠাতে পারছেন না। এ কারণে গত ২৬ নভেম্বর থেকে তাঁরা দুধ কেনা বন্ধ রেখেছেন। তিনি বলেন, তাঁরা প্রায় এক হাজার খামারির কাছ থেকে দুধ কেনেন। বর্তমানে এসব খামারি দুধ নিয়ে সমস্যায় পড়েছেন।