রমজান মাসে ইফতারির অন্যতম অনুষঙ্গ হিসেবে সিলেটে শাকের বড়ার চাহিদা ব্যাপক। আর এ সুযোগে সবজি ব্যবসায়ীরা প্রতিদিনই বাড়াচ্ছেন শাকের দাম। এক সপ্তাহের ব্যবধানে শাকের আঁটির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, নগরের লালবাজার, বন্দরবাজার, ব্রহ্মময়ীবাজার, প্রধান ডাকঘরের সন্মুখ অংশ, শিবগঞ্জ, মীরাবাজার, টিলাগড়, পাঠানটোলা, সুবিদবাজার, আম্বরখানা, বন্দরবাজার এলাকার সবজি বাজারগুলোতে অন্যান্য সবজির পাশাপাশি নানা ধরনের শাকের আঁটি বিক্রি হচ্ছে। এর মধ্যে লালশাক, পুঁইশাক, পালংশাক, কচুশাক, কলমিশাক, ডাঁটাশাক, লাউগাছের কচি আগা, হেলেঞ্চা, পাটশাক ও নিমপাতার চাহিদা বেশি।
কয়েকজন ক্রেতা জানিয়েছেন, রমজান শুরু হওয়ার কয়েক দিন আগে থেকেই প্রতিদিন শাকের আঁটির দাম বেড়েছে। এক সপ্তাহ আগে শাকের যেসব আঁটি পাঁচ টাকায় বিক্রি হতো, সেসব এখন বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। বিক্রেতারা জানিয়েছেন, অন্যান্য সবজির চেয়ে রমজান মাসে শাকের চাহিদা বেশি থাকে। এতে করে পাইকারি বাজারে শাকের দাম বেড়ে গেছে। এ কারণেই খুচরা বাজারে প্রতিদিন শাকের দামে প্রভাব পড়ছে।
সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে রমজানের শুরু থেকেই বিভিন্ন কাঁচাবাজারে অভিযান পরিচালিত হচ্ছে। বিক্রেতারা যেন যুক্তিসংগত কোনো কারণ ছাড়া তরিতরকারির দাম বাড়াতে না পারেন, সেটিও খতিয়ে দেখা হবে।’