দরজায় কড়া নাড়ছে ঈদ। নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। সবার আশা, স্বজনদের সঙ্গে ঈদ উৎসব পালন করা। কারাগারে আটক বন্দিরাও পিছিয়ে নেই সেই দৌড়ে। কয়েক দিন ধরে স্বজনদের সঙ্গে ঈদ করতে জামিনের আবেদন করেছেন বন্দীরা। প্রতিদিন গড়ে ১১০ থেকে ১২০ জন বন্দী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। সপ্তাহ খানেক আগে যা ছিল ৫০ থেকে ৬০ জন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ (হাজতি ব্রাঞ্চের ইনচার্জ) নূর মোহামঞ্চদ সোহেল প্রথম আলোকে বলেন, ‘জামিননামার হার বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ১২০ জন বন্দী মুক্তি পাচ্ছেন। আগে পেত ৫০ থেকে ৬০ জন। বন্দীরা উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। তাঁদের অধিকাংশই মাদক মামলা, মারামারি, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। তবে কোনো সন্ত্রাসীর জামিন আদেশ পাওয়া যায়নি।’
কারা ও আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন চার হাজার ৫২৬ জন। তাঁদের বেশির ভাগই মাদক, মারামারি ও নারী নির্যাতন মামলার আসামি। ঈদে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করতে পারেন। আর মুক্তি পেলে প্রিয়জনদের সঙ্গে ঈদ করা যাবে। এ আশায় বন্দী ও তাঁদের স্বজনেরা আইনজীবীর মাধ্যমে আদালতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
গতকাল রোববার মহানগর দায়রা জজ আদালতে প্রায় ৫৪টি মিস মামলা ফাইল হয়। আর জামিন মেলে প্রায় ২১টি মামলার আসামির। এগুলোর বেশির ভাগই মাদক মামলার আসামি। আদালত ভবনের নিচতলায় জেলা জিআর সেকশন ও দ্বিতীয় তলায় মহানগর জিআর সেকশনে কয়েক দিন ধরে আইনজীবীদের ভিড় লেগে আছে। আদালত থেকে আদেশনামা পাওয়ার পর তা জিআরওর মাধ্যমে কারাগারে যত দ্রুত পৌঁছানো যায়, সেই চেষ্টায় ব্যস্ত আছেন আইনজীবী ও তাঁদের সহকারীরা।
নগরের কোতোয়ালি থেকে স্বামী নূর হোসেনের মাদক মামলায় জামিন নিতে আদালতে এসেছেন স্ত্রী কোহিনূর বেগম। কিন্তু অভিযোগপত্র দাখিল করায় তাঁর স্বামীর জামিন আবেদন মঞ্জুর করেননি আদালত। হতাশ হয়ে ফিরে যান বাড়িতে। তবে জামিনে মুক্তি পেয়ে খুশি মনে বাড়ি ফিরে যেতে দেখা গেছে বায়েজীদ বোস্তামী থানার নারী নির্যাতন মামলার আসামি আবদুর রহিমকে।
মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কামাল উদ্দিন আহামঞ্চদ প্রথম আলোকে জানান, আসামি জামিনের আবেদন করতে পারেন। এটা তাঁর অধিকার। তবে ছিনতাই, ডাকাতি, জাল টাকার মামলার আসামি ও সন্ত্রাসীদের জামিনের আবেদন নাকচ করছেন আদালত।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন,‘ঈদকে ঘিরে কয়েক দিন ধরে জামিননামার হার বেড়ে গেছে।’