প্রতিদিন তিন লাখ আট হাজারের বেশি মানুষ সরকারি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেয়। এসব হাসপাতালে ভর্তি রোগীদের মৃত্যুর প্রধান কারণ হূদেরাগজনিত। স্বাস্থ্য অধিদপ্তরের ‘স্বাস্থ্য বুলেটিন ২০১২’-তে এই তথ্য দেওয়া হয়েছে। অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম গত ২৫ অক্টোবর বুলেটিনটি প্রকাশ করে।বুলেটিনে বলা হয়েছে, ২০১১ সালে সরকারি চিকিৎসাকেন্দ্রগুলোর বহির্বিভাগে ১১ কোটি ২৫ লাখের বেশি মানুষ চিকিৎসাসেবা নেয়। এই সেবার ৮৪ শতাংশ দিয়েছে উপজেলা ও তার নিচের স্বাস্থ্যকেন্দ্রগুলো। জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলো সেবা দিয়েছে যথাক্রমে ৮ শতাংশ ও ৫ দশমিক ৫ শতাংশ রোগীকে। এই সময়ে কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নিয়েছে তিন কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৭৪৪ জন। এক বছরে সরকারি হাসপাতালের অন্তর্বিভাগে চিকিৎসা নিয়েছে ৪৩ লাখ ২৪ হাজার মানুষ। এর ৪৫ শতাংশ চিকিৎসা নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, পরিসংখ্যান বলছে, প্রতিদিন বিপুলসংখ্যক রোগী সরকারি হাসপাতালে বিনা মূল্যে বা নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা পায়। এই সেবার মান বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের চেয়ে উন্নত। দরিদ্র মানুষের জন্য সরকারি হাসপাতাল এখনো বড় ভরসার জায়গা।বুলেটিনে বলা হয়েছে, মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর ৩৬ শতাংশ ও জেলা হাসপাতালে ভর্তি রোগীর ৪০ শতাংশ মারা যায় হূদেরাগজনিত কারণে। এরপর রয়েছে শ্বাসতন্ত্রের রোগ (১৬ থেকে ২৭ শতাংশ)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুর প্রধান কারণ শ্বাসতন্ত্রের রোগ (৪৯ শতাংশ)। দ্বিতীয় প্রধান কারণ হূদেরাগ (৩৬ শতাংশ)। বুলেটিনে বলা হয়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া (২৮ শতাংশ)। দ্বিতীয় কারণ প্রি-টার্ম (নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়া) নবজাতকের জটিলতা (২৬ শতাংশ)।২৬৩ পৃষ্ঠার বুলেটিনটি স্বাস্থ্য অধিদপ্তরের বার্ষিক প্রকাশনা। ২০০৭ সাল থেকে এ বুলেটিন প্রকাশিত হচ্ছে। এই বুলেটিনের প্রধান সম্পাদক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এই প্রকাশনা নীতিনির্ধারক, গবেষক ও দাতাগোষ্ঠীর বিশেষ কাজে লাগবে।আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মাতৃস্বাস্থ্য বিভাগের পরিচালক শামস এল আরেফিন বলেন, সরকারি স্বাস্থ্যব্যবস্থা, অবকাঠামো—এসব বিষয়ে অনেক মৌলিক তথ্য এই বুলেটিনে আছে, যা তাঁরা ব্যবহার করেন বা কাজে লাগান। বুলেটিনটি আরও সমৃদ্ধ করার সুযোগ আছে।বুলেটিনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে দেশে মোট সরকারি হাসপাতাল ৫৭৮টি। এর মধ্যে উপজেলা ও তার নিচের পর্যায়ে রয়েছে ৪৫৯টি। জেলা, তার ওপর পর্যায়ে ও বিশেষায়িত হাসপাতাল রয়েছে ১১৯টি। এসব হাসপাতালে চালু শয্যাসংখ্যা ৬৫ হাজার ৪৭০টি। নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা দুই হাজার ৯৬৬টি, এগুলোতে শয্যাসংখ্যা ৫৩ হাজার ৪৪৮টি। নিবন্ধিত রোগনির্ণয় কেন্দ্র পাঁচ হাজার ১২২টি।সূত্র জানায়, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বছরে কত রোগী সেবা নেয়, কোন রোগে বেশি মানুষ মারা যায়, তার পরিসংখ্যান জোগাড় করা যায়নি। অনেক প্রতিষ্ঠান রোগীর তথ্য সংরক্ষণ করে না, অনেকে এসব তথ্য দেয় না।দেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজ ২৩টি আর বেসরকারি ৫৫টি (এর মধ্যে একটি বন্ধ)। ঢাকা বিভাগে বেসরকারি মেডিকেল কলেজ সবচেয়ে বেশি, ৩৪টি। অন্যদিকে বরিশাল বিভাগে কোনো বেসরকারি মেডিকেল কলেজ নেই। আবার সরকারি হাসপাতালে বরিশাল বিভাগেই চিকিৎসকের শূন্য পদ বেশি (৩৬ শতাংশ)। খুলনা বিভাগে ৩৫ শতাংশ ও সিলেট বিভাগে ৩৪ শতাংশ চিকিৎসকের পদ শূন্য। ঢাকা বিভাগে শূন্য পদ ১৭ শতাংশ।নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনস্বাস্থ্য গবেষক প্রথম আলোকে বলেন, বরিশাল বিভাগে বেসরকারি মেডিকেল কলেজ না থাকা, অন্যদিকে সরকারি হাসপাতালে শূন্য পদ বেশি থাকার বিশেষ কোনো কারণ আছে কি না, তা নীতিনির্ধারকেরা ভেবে দেখতে পারেন।বুলেটিনে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, সংক্রামক ও অসংক্রামক রোগ পরিস্থিতি, স্বাস্থ্যবিষয়ক গবেষণা, স্বাস্থ্য খাতের আয়-ব্যয়, স্বাস্থ্য তথ্যব্যবস্থা, ই-হেলথ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।