প্রতিদিন স্ত্রীকে চিঠি লিখতেন এরশাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক জীবনের কথা স্মরণ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সব কাজ শেষে প্রতি রাতে চিঠি লিখতাম। ডায়েরি লিখতাম। সুখের কথা লিখতাম, দুঃখের কথা লিখতাম। স্ত্রীকে কত ভালোবাসতাম! প্রতিদিন চিঠি লিখতাম। এমন একটি দিন বাকি নেই যে চিঠি লিখি নাই।’
গতকাল মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নিজের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ আমার কর্ম আমার জীবন-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন। বইটির মোড়ক উন্মোচন করেন সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী। এরশাদ তাঁর শৈশব, কৈশোর, সামরিক ও রাষ্ট্রপতিজীবনের বিভিন্ন ঘটনা বইটিতে উল্লেখ করেছেন। বইটি লিখতে তাঁর পাঁচ বছর সময় লেগেছে বলেও জানান তিনি।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘হাজার হাজার চিঠি লিখেছি। চিঠিগুলো আমার কাছে রয়েছে। কিছু হারিয়ে গেছে। আমি এখনো পড়ি। মুগ্ধ হই, এমন ভাষা কী করে লিখেছি। মানুষকে না ভালোবাসলে এত সুন্দর করে লেখা যায় না। মানুষকে ভালোবাসি বলেই ভাষাকে ভালোবাসতে শিখেছিলাম।’ চিঠিগুলো প্রকাশের অভিপ্রায়ও ব্যক্ত করেন তিনি।
নিজের লেখা বইয়ের তথ্যের সত্যতার বিষয়ে এরশাদ বলেন, ‘প্রতিটি কথা সত্য। কীভাবে আমি স্বৈরাচার হলাম। কেন বলি, আমার মতো আরও স্বৈরাচার যদি জন্মগ্রহণ করত, তাহলে আজকে বাংলাদেশ অনেক উন্নত থাকতে পারত। আমি যে কাজগুলো করেছিলাম, এটা কি স্বৈরাচারের কাজ?’ এরপর তাঁর নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফিরিস্তি দেন তিনি।
অনুষ্ঠানে সাবেক সচিব এম মোকাম্মেল হক বলেন, শরীরের সব রক্ত যদি এক জায়গায় চলে যায়, তাকে ভালো স্বাস্থ্য বলে না। তেমনি সব ক্ষমতা যখন একজনের হাতে চলে আসে, সেটা ভালো শাসন হতে পারে না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বইয়ের প্রকাশক আলমগীর সিকদার, প্রচ্ছদ পরিকল্পনাকারী মুহম্মদ মফিজুল ইসলাম প্রমুখ।