প্রতিদিন ১০ কোটি টাকার ক্ষতি!
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্ত গ্যাসের পাইপ গতকাল বৃহস্পতিবারও মেরামত করা সম্ভব হয়নি। কাল শনিবার মেরামতকাজ শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাণশ্রমিক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা।
এদিকে গত রোববার থেকে পুরো উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় প্রায় এক লাখ পরিবার পড়েছে চরম ভোগান্তিতে। গ্যাস না থাকায় প্রতিটি পরিবারকে প্রতিদিন ১০০-১৫০ টাকার কেরোসিন তেল নয়তো লাকড়ি বা খড়ি কিনতে হচ্ছে। সেই হিসেবে কেরানীগঞ্জের বাসিন্দাদের প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাবেক সহসভাপতি মো. আমান উল্লাহ দাবি করেন, ‘আমাদের গার্মেন্টস পল্লি এলাকায় এক দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকলে গড়ে আট থেকে দশ কোটি টাকার ক্ষতি হয়ে থাকে। ব্যবসায়ীদের দুর্ভোগের কথা চিন্তা করে সরকারের উচিত অতি দ্রুত গ্যাসের পাইপ সংস্কার করে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা।’
পাঁচ দিনেও মেরামত না হওয়ায় ক্ষোভ: গত রোববার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগের সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারীর মালিকানাধীন একটি বহুতল বাড়ি নির্মাণের পাইলিংয়ের কাজ করার সময় কেরানীগঞ্জ উপজেলার গ্যাস সরবরাহের মূল পাইপে ফাটল ধরে গ্যাস নির্গত হতে থাকে। তাৎক্ষণিক পুরো কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
কেরানীগঞ্জের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, তিতাস কর্তৃপক্ষের গাফিলতির কারণে ধীরগতিতে সংস্কারকাজ চলছে। পাঁচ দিনেও গ্যাসের পাইপ মেরামত করা যাবে না, এটি বিশ্বাসযোগ্য নয়। অন্যদিকে বহুতল ভবন নির্মাণকারী সিরাজুল ইসলাম ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় সরকারও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকার গৃহবধূ সুরমা বেগম জানান, পাঁচ দিন ধরে গ্যাস না থাকায় তাঁরা লাকড়ি দিয়ে রান্না করছেন। এতে তাঁদের প্রতিদিন ১২০-১৫০ টাকা বাড়তি খরচ হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমরা গরিব মানুষ। ধার-কর্জ কইরা লাকড়ি কিনতাছি। কিন্তু মাস শেষে গ্যাসওয়ালারা ঠিকই গ্যাসের ভাড়া লইয়া যাইব।’
হাসনাবাদ এলাকার বাসিন্দা মো. সামসুদ্দিন বলেন, ‘সরকারি নিয়মনীতি ভঙ্গ করে বহুতল ভবন নির্মাণের কারণে গ্যাসের পাইপে ফাটল ধরেছে। যেসব জায়গা দিয়ে গ্যাসের পাইপ নেওয়া হয়েছে, সেখানে বহুতল ভবন করতে দেওয়া উচিত নয়।’ গ্যাসের পাইপ দ্রুত মেরামত করার দাবি জানান তিনি।
সুখবর শনিবার: গতকাল দুপুরে হাসনাবাদ হাউজিং এলাকায় দুর্ঘটনাকবলিত স্থানে গেলে কর্মরত শ্রমিক আবুল হোসেন জানান, মাটির বাঁধ দিতে পাইলিংয়ের কাজ করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সাহায্যে সেখান থেকে পানি সরানো হচ্ছে। এ কাজ শেষে আরও দু-এক দিন লাগবে। এরপর ফাটল হওয়া পাইপ সংস্কারের কাজ শুরু হবে। আগামী শনিবার বিকেল নাগাদ সংস্কারকাজ শেষ হতে পারে।
সিরাজুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘আমি জানতাম না, সেখানে (পাইলিংয়ের স্থান) ২০ ফুট নিচে গ্যাসের পাইপ ছিল। অসাবধানতাবশত কাজ করতে গিয়ে পাইপে আঘাত লাগে। এটি সংস্কারের জন্য আমি ব্যক্তিগতভাবে তিতাস কর্তৃপক্ষকে সহযোগিতা করছি।’
উৎপাদন ব্যাহত: গ্যাস না থাকায় দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর, চরকালীগঞ্জ ও কালীগঞ্জ পোশাকপল্লি এলাকায় তৈরি পোশাক ও অন্য শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পূর্ব আগানগরের আল-মদিনা ডাইং অ্যান্ড ওয়াশিং কারখানার পরিচালক মো. শামিম বলেন, ‘এমনিতেই মাস খানেক ধরে গ্যাসের সংকট চলছে। সামনে ঈদ। রাত-দিন প্যান্ট রং ও ধোয়ার কাজ করতে হয়। গ্যাস না থাকায় এখন কাজ বন্ধ। আগের তৈরি প্যান্টগুলো গ্যাসে শুকাতে না পেরে বাধ্য হয়ে ঝিলমিল প্রকল্পের মাঠে শুকাচ্ছি।’
তিতাসের বক্তব্য: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন জোন-৫ জিনজিরা আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘প্রথম অবস্থায় প্রয়োজনীয় জনবল না থাকায় কাজটি ধীরগতিতে হচ্ছিল। গত বুধবার থেকে আরও দক্ষ লোকবল ও ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এখন মাটি বাঁধ দেওয়ার কাজ চলছে। এরপর পানি নিষ্কাশন করে ফাটল করা পাইপটি সংস্কার করা হবে। আশা করছি, আগামী শনিবারের মধ্যে গ্যাস সরবরাহ করা যাবে।’