সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সুইসাইড নোট, সেই সঙ্গে আত্মহত্যার ব্যর্থ চেষ্টার ভিডিও ছেড়ে দেন বিজ্ঞাপন মডেল সাবিরা হোসাইন (২১)। এ ঘটনার পরদিন রাজধানীর রূপনগর এলাকার একটি বাসা থেকে সাবিরার লাশ উদ্ধার করে পুলিশ। এটি গত ২৪ মের ঘটনা। পুলিশ তখন বলেছিল, ফ্যানের সঙ্গে ঝুলে সাবিরা আত্মহত্যা করেন।
ভোর চারটায় স্ট্যাটাসসহ ওই ভিডিও ছাড়েন সাবিরা। তাঁর ভিডিও-পোস্টের নিচে এক ফেসবুক বন্ধু লেখেন, ‘তুমি কী করছ, বন্ধ করো।’ সাবিরাকে আত্মহত্যার চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ করে কয়েকটি বার্তা দেখা যায়। তবে শেষতক তাঁকে ফেরানো যায়নি। ইউটিউবে সাবিরার আত্মহনন চেষ্টার সেই ভিডিওটি রয়েছে। তাঁকে ছুরি দিয়ে নিজের পেটে ও গলায় আঘাত করতে দেখা যায়।
মনোরোগ বিশেষজ্ঞ, গবেষকদের সংগঠন সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন, বাংলাদেশের (এসএসপিবি) সভাপতি অধ্যাপক ওয়াজিউল ইসলাম চৌধুরী বলেন, যে মুহূর্তে সাবিরা আত্মহত্যার বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, তাঁর তখন একজন সহায়তাকারীর প্রয়োজন ছিল। বার্তা ছড়িয়ে দেওয়ার বিষয়টিই প্রমাণ করে, তাঁর ভেতরে বেঁচে থাকার ইচ্ছা ছিল।
আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে।
মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, আত্মহত্যাপ্রবণ মানুষ আত্মহননের সিদ্ধান্ত নেওয়ার আগে যদি কারও সঙ্গে কথা বলার সুযোগ পান, তবে সেই পথ থেকে তাঁর ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে। এ জন্য বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে হটলাইন চালু হয়েছে।
বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা রোধে এ ধরনের একটি হটলাইন খুবই প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পুলিশ সদর দপ্তর এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালে শুধু বিষপান ও ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনা ঘটে ১০ হাজার ১২৯টি। গড়ে দেশে ২৮ জন আত্মহত্যা করে প্রতিদিন। এর আগের বছর দেশে আত্মহত্যার ঘটনা ঘটেছিল ১০ হাজার ১০৮টি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০১৪ সালে ‘প্রিভেন্টিং সুইসাইড: এ গ্লোবাল ইমপ্যারেটিভ’ শীর্ষক এক প্রতিবেদনে জানায়, ২০১২ সালে বাংলাদেশে আত্মহত্যার অনুমিত সংখ্যা ছিল ১০ হাজার ১৬৭টি।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘উন্নত দেশগুলোয়, এমনকি পার্শ্ববর্তী ভারত ও শ্রীলঙ্কায় আত্মহত্যার প্রবণতা রোধে হটলাইন চালু হয়েছে। আমাদের দেশে হটলাইন চালু করে অনেককে রক্ষা করতে পারি।’
হটলাইন একটি সরাসরি ফোন নম্বর। কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে এটি ব্যবহৃত হয়। স্বাস্থ্য বাতায়ন নামে এ বছরই স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়ার জন্য একটি হটলাইন চালু হয়েছে। এর নম্বর ১৬২৬৩।
বেলজিয়ামের আত্মহত্যার প্রবণতা রোধে নিয়োজিত হটলাইনের সেবা নিয়ে ‘কস্ট-ইফেক্টিভনেস অব এ হেল্পলাইন ফর সুইসাইড প্রিভেনশন’ শীর্ষক এক গবেষণায় বলা হয়েছে, হটলাইনের মাধ্যমে অন্তত ৩৬ শতাংশ ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা রোধ সম্ভব হয়েছে।
অধ্যাপক ওয়াজিউল ইসলাম চৌধুরী বলেন, অবসাদগ্রস্ত, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, মাদকাসক্ত এবং প্রবল আবেগপ্রবণ ব্যক্তিদের মধ্যে ১৩ শতাংশের আত্মহত্যার প্রবণতা থাকে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, আত্মহত্যাপ্রবণ ব্যক্তিদের জন্য হটলাইন চালুর কোনো সরকারি সিদ্ধান্ত নেই। বিষয়টির কার্যকারিতা বিবেচনা করে এটি চালুর বিষয় বিবেচনা করা হবে।