হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি না সরানো পর্যন্ত ১৫৪টি ট্যানারি শিল্পকারখানার মালিকদের প্রত্যেককে পরিবেশদূষণের ক্ষতিপূরণ বাবদ প্রতিদিন ৫০ হাজার টাকা করে দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিলেন, তা ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের করা আবেদনের শুনানি শেষে অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল মঙ্গলবার এ স্থগিতাদেশ দেন। আদালত জানিয়েছেন, ১৭ জুলাই বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য তালিকায় আসবে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৬ জুন এক আদেশে বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত ১৫৪ কারখানার মালিককে রোজ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। ক্ষতিপূরণের টাকা ঠিকমতো দেওয়া হচ্ছে কি না, তা তদারক করে ১৭ জুলাই আদালতে প্রতিবেদন দেবেন শিল্পসচিব। একই সঙ্গে ট্যানারির বর্জ্য ফেলে প্রতিদিন বুড়িগঙ্গা নদীতে কী পরিমাণ পরিবেশের ক্ষতি করা হচ্ছে, তা-ও নিরূপণ করে ১৭ জুলাই প্রতিবেদন দেওয়ার জন্য পরিবেশসচিবকে নির্দেশ দেন আদালত। আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। শিল্পসচিবের পক্ষে ছিলেন আইনজীবী মো. রইস উদ্দিন।
গত ১৩ এপ্রিল মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ট্যানারির তালিকা দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। গতকাল শিল্পসচিবের পক্ষে হাজারীবাগে থাকা ১৫৫টি ট্যানারির তালিকাসংবলিত প্রতিবেদন দেওয়া হয়। এতে বলা হয়, রিলায়েন্স ট্যানারি লিমিটেড নামের কারখানা সাভারে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিগুলো সরানোর বিষয়টি প্রক্রিয়াধীন।