প্রতিদিন ৮৫৫ গাড়ি নিবন্ধিত হচ্ছে
দেশে প্রতিদিন গড়ে ৮৫৫টি নতুন গাড়ি নিবন্ধিত হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ২৪ লাখ ৮৮ হাজার ১০১টি। আর প্রতিদিন গড়ে আটটির মতো করে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হন।
সংসদের প্রশ্নোত্তর পর্বে আজ সোমবার ওবায়দুল কাদের এ তথ্য জানান। প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়।
সরকারদলীয় সাংসদ এনামুল হকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, দেশে প্রতিদিন গড়ে ৮৫৫টি নতুন গাড়ি নিবন্ধিত হচ্ছে। সব মিলিয়ে দেশে বর্তমানে নিবন্ধিত গাড়ির সংখ্যা ২৪ লাখ ৮৮ হাজার ১০১টি।
পদ্মা সেতু বিশ্বের ২৫তম: স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বৃহৎ সড়ক সেতুর মধ্যে বাস্তবায়নাধীন পদ্মা সেতুর অবস্থান ২৫তম। তবে দৈর্ঘ্যের দিকে থেকে নদীর ওপর নির্মিত সেতুর মধ্যে পদ্মা সেতুর অবস্থান প্রথম এবং ভিত্তির গভীরতার দিক থেকেও প্রথম।
সরকারি দলের জেবুন্নেছা আফরোজের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যাত্রাবাড়ী থেকে মাওয়ায় পদ্মা সেতু পর্যন্ত এবং পদ্মা সেতুর অপর প্রান্ত থেকে ভাঙা পর্যন্ত মোট ৫৫ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীত করতে পাঁচ হাজার কোটি টাকার একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটির কাজ করবে সেনাবাহিনী।
প্রতিদিন ৮টি দুর্ঘটনা: স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে প্রতিদিন গড়ে ৮টির মতো সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে প্রতিদিন গড়ে ৭ জন নিহত ও ৬ জন আহত হচ্ছেন। ২০০৮ হতে ২০১৪ পর্যন্ত¯মোট ২৯ হাজার ৯৯৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৮ হাজার ৪৭৭ জন, মারাত্মকভাবে আহত হন ১২ হাজার ২৩৬ জন।
দেশের সরকারি কোনো পাটকল বন্ধ নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক। সরকারি দলের আনোয়ারুল আবেদীন খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ২০৬টি পাটকল চালু আছে। এর মধ্যে সরকারি ২২টি এবং বেসরকারি ১৮৪টি।