প্রতিদিন 'প্রাণ হাতে' পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদচারী–সেতু না থাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। গতকাল বিকেলে ফৌজদারহাট কে এম হাইস্কুলের সামনে থেকে ছবিটি তোলা l প্রথম আলো
পদচারী–সেতু না থাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। গতকাল বিকেলে ফৌজদারহাট কে এম হাইস্কুলের সামনে থেকে ছবিটি তোলা l প্রথম আলো

গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা। সীতাকুণ্ডের ফৌজদারহাট কে এম হাইস্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শেষে বের হচ্ছে শিক্ষার্থীরা। কাছের পদচারী-সেতুটি প্রায় দুই কিলোমিটার দূরে। তাই বাড়ি ফিরতে দল বেঁধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়ায় কয়েকজন শিক্ষার্থী। বিদ্যালয়ের দারোয়ান বাঁশি ও লাল পতাকা হাতে গিয়ে ব্যস্ত মহাসড়কের মাঝামাঝি দাঁড়ান। এরপর গাড়ি থামিয়ে পার করে দেন শিক্ষার্থীদের।

রাস্তা পার হয়ে বিদ্যালয়টির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া মুস্তাকিম বলে, এভাবে প্রতিদিন পার হতে তার ভয় লাগে। বিদ্যালয়ে যাওয়ার সময় তার বাবা এসে রাস্তা পার করে দেন।

শুধু কে এম হাইস্কুল নয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডের অন্তত ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে এই মহাসড়ক হেঁটে পার হতে হয়। কারণ এই মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে সলিমপুর বাংলাবাজার থেকে বড় দারোগাহাট পর্যন্ত ৩৪ কিলোমিটারের মধ্যে পদচারী-সেতু আছে মাত্র ৯টি। ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সেতু ব্যবহারের সুযোগ পায়। প্রায় ২০ মিটার প্রস্থ চার লেনের এই মহাসড়কের দুপাশে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত দুই বছরে অন্তত ২১ জন শিক্ষার্থী সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। তাদের বেশির ভাগই রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়েছে। মহাসড়কের পাশে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬টি প্রাথমিক বিদ্যালয়, ২১টি উচ্চবিদ্যালয়, আটটি মাদ্রাসা ও তিনটি কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৮ হাজার।

গত শনিবার দুপুরে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় লরির ধাক্কায় জাহেদুল ইসলাম নামে বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্র মারা যায়। এর আগে গত এপ্রিলে সড়ক পার হতে গিয়ে মারা যায় সাদেক মস্তান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির আরেক ছাত্র।

 বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, বাঁশবাড়িয়া বাজার থেকে ৬০০ মিটারের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে পাঁচটি। এই অংশে কমপক্ষে দুটি পদচারী-সেতু দরকার।

গতকাল মঙ্গলবার ও গত সোমবার মহাসড়কের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গিয়ে দেখা গেছে, কোনো কোনো প্রতিষ্ঠানের দারোয়ান কিংবা অফিস সহকারী লাল পতাকা হাতে সড়কের মাঝখানে দাঁড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করছেন। শিক্ষার্থীরা তখন দল বেঁধে রাস্তা পার হচ্ছে। আবার অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিজেরাই মহাসড়ক পার হচ্ছে।

ফৌজদারহাট কে এম হাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭০১। পাশের দুটি বিদ্যালয়েও শিক্ষার্থীর সংখ্যা কম নয়। এই শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের জন্য ফৌজদারহাট বাজার এলাকায় জরুরি ভিত্তিতে পদচারী-সেতু দরকার।

শিক্ষার্থীদের নিরাপদ পারাপার নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরাও। গত ডিসেম্বরে রাস্তা পার হতে গিয়ে আহত হয় বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী উর্মি বণিক। তার বাবা গৌতম বণিক বলেন, সাত মাসেও সে সুস্থ হয়নি। এই বছরটি তার শিক্ষাজীবন থেকে হারিয়ে গেল।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম আলী সরদার বলেন, এই মহাসড়কে প্রতি মিনিটে ৭০টির মতো গাড়ি চলাচল করে। পদচারী-সেতু বাড়লে পারাপারে দুর্ঘটনা কমে যাবে।

বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা কমিটির সভাপতি মো. হাবিব উল্লাহ প্রথম আলোকে বলেন, সব কটি উচ্চবিদ্যালয়ের সামনে পদচারী-সেতু দরকার। এ জন্য তাঁরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাছে দাবিও জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছফা দুজনেই বলেন, সীতাকুণ্ডের টেরিয়াইল, বাঁশবাড়িয়া, পৌর সদরের ফকিরহাট ও বাংলাবাজার এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে পদচারী-সেতু তৈরি করা উচিত।

সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, সম্প্রসারিত চার লেনের প্রকল্পের একটিসহ আরেকটি প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা হয়েছে। ওই প্রকল্পে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য ১৫টি পদচারী-সেতু থাকবে। অগ্রাধিকারের ভিত্তিতে পদচারী-সেতু নির্মাণ করা হবে।