প্রতিদিনই অবরোধ করবেন গার্হস্থ্যের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলক্ষেত-নিউমার্কেট মোড় অবরোধ করায় বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: ফোকাস বাংলা
নীলক্ষেত-নিউমার্কেট মোড় অবরোধ করায় বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: ফোকাস বাংলা

প্রায় তিন ঘণ্টা পর নীলক্ষেত-নিউমার্কেট মোড় থেকে আজকের মতো অবরোধ তুলে নেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই এভাবে তাঁরা সড়ক অবরোধ করবেন বলে জানান। গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে তাঁদের এ অবরোধ।

আজ বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকা অবরোধ করেন কলেজের শিক্ষার্থীরা। তাঁরা ‘এক দফা এক দাবি, ইনস্টিটিউট কবে হবে?’, ‘ক্লাস-পরীক্ষা হবে না ইনস্টিটিউট না হলে’, ‘দাবি আদায় না হলে বিক্ষোভ চলবে’—এমন বিভিন্ন স্লোগান দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি ও এলিফ্যান্ট রোড এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

রিগান আহমেদ নামে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জানান, তাঁর পরীক্ষা ১২টায় ছিল। আজিমপুরে বাসা থেকে তিনি রওনা হন। কিন্তু যানজটের কারণে তিনি যখন নীলক্ষেতে তখন ঘড়ির কাঁটায় দুপুর ১২টা ৪ মিনিট।

এমন পরিস্থিতে বেলা সোয়া একটার দিকে পুলিশের লালবাগ জোনের ডিসি ইব্রাহীম খান শিক্ষার্থীদের সামনে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরেন এবং অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন। পরে বেলা পৌনে দুইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আজিমপুর, পলাশী, নীলক্ষেত হয়ে কলেজের সামনে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে তাঁরা নীলক্ষেতে অবস্থান নিয়ে অবরোধ করবেন। অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন থাকবে।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ফাতেমা সোরাইয়া বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করায় প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখানে শিক্ষকদের কিছু করার নেই। শিক্ষা মন্ত্রণালয় যদি জানতে চায়, তাহলে কিছু বলতে পারি। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।’

আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সহসভাপতি ইশরাত জাহান বলেন, দীর্ঘদিন ধরে এই দাবিতে তাঁরা আন্দোলন করছেন। কোনো ফল না পেয়ে আবার তাঁরা বিক্ষোভ করছেন।