প্রতিদিনই রাস্তার অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, গাড়ি চলাচলের জন্য প্রতিদিনই রাস্তাগুলো উপযোগী হচ্ছে। প্রতিদিনই রাস্তার অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে।যোগাযোগমন্ত্রী গতকাল শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন স্থানের সংস্কারকাজ পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে গত শুক্রবারও যোগাযোগমন্ত্রী ওই মহাসড়কের সংস্কারকাজ পরিদর্শন করেন।গতকাল বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার ভোগড়া বাইপাস এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছি। সরকার জবাবদিহিতে বিশ্বাস করে। তা ছাড়া জনগণ ও মিডিয়া এখন বেশ সোচ্চার। সে কারণেই আমি উৎসাহ নিয়ে বারবার মহাসড়কের কাজ পরিদর্শনে আসি। ঈদের দিনও মহাসড়কে সংস্কারকাজ পরিদর্শন করেছি। জনস্বার্থে এটা আমার দায়িত্ব হিসেবে নিয়েছি।’ মন্ত্রী বলেন, ‘আমাদের ক্ষতিগ্রস্ত যেসব রাস্তা রয়েছে, তা শুধু সংস্কার করলে চলবে না, পুনর্নির্মাণও করতে হবে। সে উদ্দেশ্যেই কাজ করছি। গাড়ি চলাচলের জন্য রাস্তাগুলো প্রতিদিনই উপযোগী হচ্ছে। প্রতিদিনই রাস্তার অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে। রাস্তা সংস্কারের চেয়ে পুনর্নির্মাণে একটু বেশি সময় লাগবে। তাতে ছয় মাস থেকে এক বছর সময় লাগবে।’এ সময় ভূমি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, যোগাযোগসচিব মো. মোজাম্মেল হক খান, সওজের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুস, ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।যোগাযোগমন্ত্রী বেলা একটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় যান। এ সময় উপস্থিত জনতা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, মহাসড়কের পাশের বিভিন্ন ভবনের মালিকেরা তাঁদের বাসার পানি সরাসরি মহাসড়কে ফেলেন। এতে অল্প বৃষ্টিতেই মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।লোকজনের কথা শুনে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মহাসড়কের জলাবদ্ধতার সমস্যাটি শুধু বৃষ্টির জন্য নয়। সড়কের পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা উঁচু তলার ভবনমালিকেরাও বাসার পানি রাস্তায় ছেড়ে দিচ্ছেন। এতে সড়কে জলাবদ্ধতা লেগে থাকে।’এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী শফিকুল আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, প্রথমে সওজের জায়গা পরিমাপ করতে হবে। কোনো অবৈধ স্থাপনা পাওয়া গেলে শিগগিরই তা উচ্ছেদ করা হবে।প্রতিক্রিয়া: যোগাযোগমন্ত্রীর বারবার সড়ক পরিদর্শনের ব্যাপারে কথা হয় মাওনা চৌরাস্তার ভ্যানচালক আবদুল খালেকের সঙ্গে। তিনি বলেন, ‘রাস্তা দেখবার লাইগ্যা মন্ত্রী পর্তেকদিন আইতাছে। কিন্তু যেইভাবে মন্ত্রী আয়ে, হেই গতিতে রাস্তার কাজ অয় না। ঈদের দিন থেইক্যা তিন দিন পন্ত (পর্যন্ত) সড়হের মাওনা চৌরাস্তায় কিচ্ছু কাজ অয় নাই। এই সড়হের চার-পাঁচ মাইল সড়হের কাম করতে এত দিন লাগে। মন্ত্রী আয়ে খরগোশ দৌড়ে আর সড়হের লোকগোলাইন কাজ করে কচ্ছপ দৌড়ে।’মাওনা চৌরাস্তা এলাকার ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, ‘ঈদের আগে ঘোষণা দিয়াও মন্ত্রী সড়হের দুই দিগের জায়গাগুলার দোকানপাট উডাইল না। হেইসব জায়গাত্যে পৌরসভা টেহা খায়, নেতাপেতারাও টেহা খায়।’