চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে প্রতিদিনের কার্যবিবরণী দেয়ালে টাঙিয়ে দেওয়া হচ্ছে। ফলে বাদী ও বিবাদী সহজেই জেনে যাচ্ছেন মামলার বর্তমান পরিস্থিতি। এ জন্য দালালের সহযোগিতা নেওয়ার আর প্রয়োজন হচ্ছে না। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন এই পদ্ধতি চালু হয়েছে।আদালত সূত্র জানায়, প্রতিদিন পাঁচটি কলামে মামলার সর্বশেষ হাল সম্পর্কে চিত্র তুলে ধরে দেয়ালে টাঙিয়ে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এবং তাঁর অধস্তন সব হাকিম দৈনন্দিন কার্যবিবরণী দেয়ালে টাঙিয়ে দিচ্ছেন। এতে বাদী ও বিবাদী সহজেই জানতে পারছেন মামলার বর্তমান হাল সম্পর্কে। কার্যবিবরণীর প্রথম কলামে মামলার নম্বর, দ্বিতীয় কলামে বাদী ও বিবাদীর নাম, তৃতীয় কলামে মামলার ধারা, চতুর্থ কলামে পরবর্তী শুনানির তারিখ এবং পঞ্চম কলামে সর্বশেষ ফলাফল সম্পর্কে চিত্র তুলে ধরা হচ্ছে। এতে একজন বাদী কিংবা বিবাদী সংশ্লিষ্ট আদালতের সামনের দেয়ালে টাঙানো কার্যবিবরণী দেখে মামলার বর্তমান পরিস্থিতি জেনে যাচ্ছেন। পরবর্তী তারিখে শুনানির জন্যও সংশ্লিষ্ট ব্যক্তি প্রস্তুতি নিতে পারছেন।আদালত সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর এলাকার ১২ থানায় প্রতিদিন গড়ে ৫০-৬০টি নতুন মামলা যুক্ত হচ্ছে। সেই তুলনায় নিষ্পত্তির হার বেড়ে গেছে। প্রতিদিন মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে চিত্র দেয়ালে টাঙিয়ে দেওয়ার কারণে বাদী ও বিবাদীর মধ্যে সচেতনতা বেড়েছে। এতে মামলা দ্রুত নিষ্পত্তির ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিরা সচেতন হচ্ছেন বলে জানা গেছে। তাই এখন গড়ে প্রতিদিন ৮০-৯০টি করে মামলা নিষ্পত্তি হচ্ছে কিংবা পরবর্তী শুনানির জন্য প্রস্তুত রাখা হচ্ছে।চট্টগ্রামের প্রবীণ আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মামলার কার্যক্রম প্রকাশ্যে জানিয়ে দেওয়ার কারণে বাদী ও বিবাদী দুই পক্ষই উপকৃত হচ্ছে। তারা কারোর কাছে ধরনা না দিয়ে পরবর্তী পদক্ষেপ কী নেবে, তা নিজস্ব আইনজীবীর সঙ্গে পরামর্শ করে নিতে পারছে।’