প্রতিদ্বন্দ্বিতার জন্য মুখিয়ে দুই ভাই

বগুড়ার কাহালু পৌর নির্বাচনে আপন দুই ভাই মেয়র পদে নিজ নিজ দলের প্রার্থী হওয়ার জন্য কয়েক মাস ধরে প্রচারণা চালাচ্ছেন। এই দুই ভাই হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার কাহালু পৌর এলাকা ঘুরে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য কয়েক মাস ধরে সমর্থকদের সঙ্গে কথা বলে আশীর্বাদ চাইছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, আপন দুই ভাই দুটি প্রতিদ্বন্দ্বী দলের প্রভাবশালী নেতা। তাঁরা দুজনই দলীয় মনোনয়ন পেলে ভোটের খেলা দেখা যাবে। অনেক ভোটার আছেন, যাঁরা এই দুই ভাইয়ের আত্মীয়স্বজন। এমন ভোটারদের নিয়ে সমস্যা হবে।
বড় ভাই আবদুল মান্নান বলেন, ‘আমার দল এখন ক্ষমতায়। পৌর এলাকায় উন্নয়ন চাইলে আমার কোনো বিকল্প নেই। ভোটারদের কাছে আমার গ্রহণযোগ্যতা আমার ভাইয়ের চেয়ে বেশি। ভোটাররা সেই ভুল করবেন না। দলীয়ভাবে মনোনয়ন পেতে চেষ্টায় আছি।’
ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, বগুড়ার কাহালু বিএনপির ঘাঁটি। এখানকার ভোটাররা আওয়ামী লীগের কোনো প্রার্থীকে ভোট দেবে না। আর উন্নয়ন দল দেখে হয় না। পৌরসভার বরাদ্দ দলীয়ভাবে আসে না। ব্যক্তির চেষ্টায় পৌরসভার উন্নয়ন হবে।