বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক মঞ্চে জনগণের মুখোমুখি হয়েছেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টায় বরগুনার পাথরঘাটার খাসকাচারি মাঠে জনগণের মুখোমুখি হন প্রার্থীরা।
একই মঞ্চে জনগণের মুখোমুখি হয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান ওরফে রিমন ও স্বতন্ত্র প্রার্থী মোহামঞ্চদ আবদুস সোবহান। ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম সরোয়ার ওরফে হিরু অনুষ্ঠানে অংশ নেননি।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকারের সঞ্চালনায় জনগণের মুখোমুখি হন ওই দুই সংসদ সদস্য পদপ্রার্থী। তাঁরা সুজনের অঙ্গীকার নামায় একমত পোষণ করে স্বাক্ষর করেন। পরে ওই দুই প্রার্থী নাগরিকদের সামনে নিজের ও দলের পরিকল্পনা এবং কর্মসূচি তুলে ধরেন।
নূরুল ইসলামের সভাপতিত্বে জনগণের মুখোমুখি ওই অনুষ্ঠানে দুই সংসদ সদস্য পদপ্রার্থী ছাড়া আরও বক্তব্য দেন সুজনের বরিশাল জেলা শাখার সভাপতি আক্কাস হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা কাদের প্রমুখ।