প্রতিদ্বন্দ্বী না থাকায় শিক্ষক সমিতির নির্বাচনের ফল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন-২০১৫-এর ফল গতকাল সোমবার ঘোষণা করা হয়েছে। ৩১ ডিসেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গতকাল কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এতে পদগুলোতে প্রতিদ্বন্দ্বী না থাকায় গতকালই ফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার এ কে এম আবুল কালাম জানান, আওয়ামী লীগপন্থী শিক্ষকদের দুটি ও বিএনপিপন্থী শিক্ষকদের একটি পক্ষ নির্বাচনে প্যানেল ঘোষণা করে। এর মধ্যে গতকাল আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একটি পক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এ ছাড়া আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ও বিএনপিপন্থী শিক্ষকদের জাতীয়তাবাদী শিক্ষক সমাজ—দুই পক্ষই বেশ কয়েকটি পদ থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ফলে শিক্ষক সমিতির ১৫টি পদের প্রতিটিতে মাত্র একজন করে প্রার্থী থাকেন। এ অবস্থায় গতকাল বিকেলেই নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
শিক্ষক সমিতির ১৫ পদের মধ্যে আওয়ামী লীগপন্থীরা নয়টি ও বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল ছয়টি পায়। আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল থেকে খবির উদ্দিন সভাপতি ও এ এস এম আবু দায়েন কোষাধ্যক্ষ হয়েছেন। বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল থেকে নাজমুল আলম সহসভাপতি, মোহাম্মদ মাফরুহী সাত্তার সাধারণ সম্পাদ ও মুহম্মদ নজরুল ইসলাম যুগ্ম সম্পাদক হয়েছেন।
আওয়ামী লীগপন্থী প্যানেল থেকে আরও নির্বাচিত হয়েছেন অজিত কুমার মজুমদার, অসিত বরণ পাল, এস এম বদিয়ার রহমান, ফরিদ আহমেদ, বশির আহমেদ, আনোয়ার খসরু ও রাশেদা আখতার। অন্যদিকে বিএনপি থেকে মোহাম্মদ কামরুল আহসান, শরিফ উদ্দিন ও শামসুল আলম নির্বাচিত হন।